মৃত্যুর আগে মার্টিনোর কথা বলে গেলেন গ্রন্দোনা

আলেসান্দ্রো সাবেলা বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা দলের কোচের পদটি এখন খালি। শূন্য পদটি এখন পূরণ করবেন কে? বার্সেলোনার বিদায়ী কোচ জেরার্ডো মার্টিনোই এ দৌঁড়ে এগিয়ে। সাবেক বার্সা কোচ নাকি সদ্যপ্রয়াত ফেডারেশন প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনার প্রথম পছন্দ ছিলেন। মৃত্যুর আগে মার্টিনোর নিয়োগের কথা বলে যান গ্রন্দোনা। খবর স্প্যানিশ দৈনিকমার্কার।
এরই মধ্যে বুয়েনস এইরেসে এএফএ অন্তর্বর্তীকালীন প্রধান লুইস সেগুরার সঙ্গে দেখা করেছেন মার্টিনো। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, দুই ঘণ্টার সভায় বার্সার সাবেক কোচ নাকি মেসিদের দায়িত্ব নিতে অনেকটাই রাজি। তবে আকাশি-নীলদের দায়িত্ব নেওয়ার আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে কিছু মতৈক্যে পৌঁছাতে হবে মার্টিনোকে।
মার্টিনোর নিয়োগের ব্যাপারে অবশ্য কিছুই নিশ্চিত করেননি সেগুরা। বরং বললেন, ‘আমরা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। কোচ নিয়োগ দিলে তিনি মার্টিনো বা অন্য কেউ হতে পারেন। সংবাদ সম্মেলন করেই বিষয়টি জানানো হবে।’
এএফএ জেনারেল সেক্রেটারি মিগুয়েল সিলভা জানিয়েছেন, ‘আমাদের প্রথম পছন্দ মার্টিনো। আর্থিক ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মতৈক্যে পৌঁছালেই তিনি হবেন আমাদের নতুন কোচ।’
জানা যায়, মার্টিনো নাকি সদ্যপ্রয়াত ফেডারেশন প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনার প্রথম পছন্দ ছিলেন। আর্জেন্টিনা ফুটবলে প্রভাবশালী ব্যক্তিত্ব গ্রন্দোনা নাকি মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিশ্চিত করে যান, মার্টিনো হবেন আর্জেন্টিনার নতুন কোচ। সূত্র: এএফপি, মার্কা ও গোলডটকম।