হুমকিটা পেয়েছিলেন ঠিকই। কিন্তু ভড়কে যাননি। মৃত্যুহুমকি উপেক্ষা করেই পরশু স্টুর্টগার্ট ডব্লুটিএ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেললেন সিমোনা হালেপ। নির্ভয়ে খেলেই ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিলেন ইতালির সারা ইরানিকে। তবে সাবধানের যে মার নেই সেটা জানেন রোমানিয়ান টেনিস খেলোয়াড়। তাই বৃহস্পতিবার টুইটারে একাধিকবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পর বিষয়টি জানিয়ে দিয়েছিলেন আয়োজকদের। ডেনমার্কের কোনো এক টেনিস সমর্থকের এই হুমকির পর জোরদার করা হয় মহিলা টেনিস র্যা ঙ্কিংয়ের তিন নম্বর তারকার নিরাপত্তাব্যবস্থা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হালেপকে কথা বলতেও হলো প্রসঙ্গটি নিয়ে। বললেন এটুকুই, ‘এ নিয়ে কোনো মন্তব্য করা আমার সাজে না। আমি এখানে টেনিস খেলতে এসেছি। বিষয়টি দেখবেন অন্যরা।’ মৃত্যুহুমকি নিয়ে নয়, চিন্তা তাঁর সেমিফাইনালের ম্যাচ নিয়ে। এই না হলে পেশাদার খেলোয়াড়! এএফপি।