প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকানরা এটাকে বলে ‘এল সুপার ক্লাসিকো’। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আমেরিকা আর শিভাস যখন মুখোমুখি হয়, সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই ম্যাচটি। গত রোববার ছিল আরেকটি ‘এল সুপার ক্লাসিকোর’। কিন্তু বিস্ময়করভাবে ওই ম্যাচ ছাপিয়ে আলোচনায় চলে এলেন অন্য একজন। একই দিনে রিয়াল মাদ্রিদের হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করেছেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। শিভাসের হয়ে খেলেছেন একসময়, আমেরিকা ক্লাবের সমর্থকদের কাছে তিনি ‘শত্রু’ গণ্য হওয়ারই কথা। কিন্তু এদিন যেন সেই বিভেদ ভুলে দুই ক্লাবের সমর্থকেরাই গর্বিত হয়ে উঠলেন হার্নান্দেজের কীর্তিতে। ‘সুপার এল ক্লাসিকো’টা হলো ম্যাড়মেড়ে ১-১ ড্র। ম্যাচ শেষেও তাই সব ছাপিয়ে হার্নান্দেজই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। মার্কা।