মেক্সিকোর দুঃস্বপ্নের সন্ধ্যা!

আজকের আগে টানা ২২ ম্যাচ অপরাজিত ছিল মেক্সিকো। কিন্তু ২৩তম ম্যাচটা যে তাদের দুঃস্বপ্নে পরিণত হবে, সেটা কি তারা ভেবেছিল? আজ চিলির বিপক্ষে ম্যাচে যা হলো, সেটা অবশ্য অভাবনীয়ই মেক্সিকোর কাছে। কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে চিলি ৭-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে।
সান্তা ক্লারায় এডুয়ার্ডো ভার্গাসের ১৩ মিনিটের ঝড়েই মূলত উড়ে গেছে মেক্সিকো। দুই অর্ধ মিলিয়ে ১৩ মিনিট সময়েই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভার্গাস। ম্যাচের ৪৪, ৫২, ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পর ৭০ মিনিটে করেন চতুর্থ গোলটি। ভার্গাসের চার গোলের পাশাপাশি এডসন পুচে করেছেন জোড়া গোল। চিলির গোল উৎসবে শামিল হয়েছিলেন আলেক্সিস সানচেজও।
আজকের রাতটি মেক্সিকো যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতেই চাইবে। ফুটবলের বড় প্রতিযোগিতায় (বিশ্বকাপ, কোপা) এটি মেক্সিকোর সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে মেক্সিকো ৬-০ গোলে হেরেছিল সে সময়কার ফাইনালিস্ট পশ্চিম জার্মানির বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকোর সবচেয়ে বড় ব্যবধানে হার ১৯৬১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮-০ গোলের।
খেলার ১৬ মিনিটে চিলিকে প্রথম এগিয়ে দেন পুচে। ৪৪ মিনিট থেকে শুরু হয় ভার্গাস–তাণ্ডব। ৪৯ মিনিটে গোল পান সানচেজ। ৮৭ মিনিটে গোল করে মেক্সিকোকে রেকর্ড হারের স্বাদ দেন সেই পুচেই।
চার গোল করে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সব মনোযোগ কেড়ে নিয়েছিলেন ভার্গাসই। এই অসাধারণ পারফরম্যান্স তিনি উৎসর্গ করেছেন তাঁর অসুস্থ মাকে, ‘আমি এই পারফরম্যান্সে খুবই খুশি। এই ম্যাচটা আমি আমার মা ও পরিবারের অন্য সদস্যদের উৎসর্গ করছি।’
মেক্সিকোকে ৭-০ গোলে হারানোর সঙ্গে সঙ্গে টুর্নামেন্টজুড়ে চিলির ক্রমোন্নতিও ভার্গাসকে তৃপ্তি দিচ্ছে, ‘প্রতিযোগিতার শুরুর দিকে আমরা খুব ভালো খেলতে পারিনি। কিন্তু যত দিন যাচ্ছে, আমরা কিন্তু উন্নতি করছি। যত দিন গড়াচ্ছে, আমরা ততই শক্তিশালী হচ্ছি।’
এমন একটা পরাজয়ের পর দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও, ‘আমি গোটা দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আজ মাঠে যা হলো, তা রীতিমতো লজ্জার। তবে এটি ফুটবলের একটি দুর্ঘটনাই। এটা ঠিক যে এই পৃথিবীতে ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আছে, তবে আজ আমরা যা খেলেছি, তা সত্যিই ভুলে যাওয়ার মতো।’ সূত্র: এএফপি।