মেক্সিকোর স্বস্তির গোল্ডকাপ
অন্তহীন চাপ আর বিতর্ক ঝেড়ে ফেলে জয়ের তৃপ্তি নিয়েই যুক্তরাষ্ট্র ছাড়ছে মেক্সিকান ফুটবল দল। গত রোববার কনক্যাকাফ গোল্ডকাপের ফাইনালে জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে দশমবারের মতো আঞ্চলিক শ্রেষ্ঠত্বসূচক শিরোপাটি জিতল তারা।
এমনিতে সব সময়ই গোল্ডকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফেবারিট থাকে মেক্সিকো। প্রত্যাশার চাপ তাই সব সময়ই থাকে। এবার সঙ্গে যোগ হয়েছিল বিতর্কও। ফাইনালে ওঠার পথে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়েছে তারা কোয়ার্টার ও সেমিফাইনালে। ফাইনালে তাই মেক্সিকোর কাছে ‘দেখিয়ে দেওয়ার’ অলিখিত একটা ব্যাপার ছিল যে তারা স্বাভাবিক খেলেই জিততে পারে।
তা দেখিয়েও দিল মেক্সিকো। জয়ের ব্যবধানের চেয়েও বেশি নজর কেড়েছে তাদের খেলার ধরনটা। পুরো টুর্নামেন্টে মাত্র ৩ গোল হজম করা জ্যামাইকান রক্ষণকে ভেঙেচুরেই ৩১, ৪৭ ও ৬১ মিনিটে গোল করেছেন আন্দ্রেস গুয়ার্দাদো, হেসাস করোনা ও অরিবে পেরাল্টা। খেলা শেষের মিনিট দশেক আগে জ্যামাইকার পক্ষে সান্ত্বনার গোলটি করেন ড্যারেন ম্যাটকস।
ম্যাচ শেষে খুশি দুই দলই। মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরার প্রতিক্রিয়ায় বিতর্ককে পাশ কাটিয়ে জয়ের তৃপ্তি, ‘মাঠে যা করার ছিল আমরা করেছি। সবকিছু সহজ হলেই খুশি হতাম। কিন্তু কঠিন সময় থাকবেই এবং একে সামলেই চলতে হবে।’
জ্যামাইকা খুশি প্রথমবারের মতো গোল্ডকাপের ফাইনাল খেলতে পেরেই। কোচ উইনফ্রায়েড শেফারের কথা, ‘আমার জন্য এটা রুপা নয়, সোনাই। কেউ আমাদের গোনায়ই ধরেনি। এই দলটা প্রতিটি ম্যাচেই প্রত্যাশা ছাপিয়ে খেলে গেছে।’
মেক্সিকোর সামনে এখন নতুন চ্যালেঞ্জ। ২০১৭ কনফেডারেশনস কাপে খেলার জন্য অক্টোবরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লে-অফ খেলতে হবে তাদের। নিয়মানুযায়ী আঞ্চলিক চ্যাম্পিয়ন দলগুলোই খেলে কনফেডারেশনস কাপে। কিন্তু ২০১৩ কনফেডারেশনস কাপের পরে কনক্যাকাফ গোল্ডকাপ টুর্নামেন্ট হয়েছে দুটি। আর দুবারই চ্যাম্পিয়ন হয়েছে ভিন্ন দুটি দল। সে জন্যই মেক্সিকোকে প্লে-অফ খেলতে হচ্ছে ২০১৩ গোল্ডকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এএফপি।