মেক্সিকোকে খোঁচা দিতে ছাড়লেন না নেইমার

>মেক্সিকোকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও মেক্সিকোর খেলোয়াড়দের আচরণে বিরক্ত নেইমার। আর তাই মেক্সিকোর বিদায়ে তাদের খোঁচা দিতে ভোলেননি তিনি ।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচেই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সেরা খেলাটা খেলেছেন নেইমার। ব্রাজিলের ২-০ গোলে জয়ে গোলও করেছেন, গোলে সহায়তাও করেছেন। ম্যাচ শেষে অবশ্য নেইমার মেক্সিকান খেলোয়াড়দের একহাত নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, মেক্সিকোর খেলোয়াড়েরা খেলার চেয়ে কথাই বেশি বলেছে।
তবে সবকিছু ছাপিয়ে কালকের ম্যাচে বিতর্ক ছড়িয়েছে নেইমারের পায়ে মেক্সিকোর মিগেল লায়ুনের পাড়া।
ম্যাচের একপর্যায়ে মাঠের বাইরে নেইমার বল নিয়ে পড়ে ছিলেন। বলটি ব্রাজিলীয় তারকার কাছ থেকে কেড়ে নিতে গিয়ে তাঁর পায়ে পাড়া দেন লায়ুন। নেইমার প্রতিক্রিয়া জানান মাঠে গড়াগড়ি করে। তবে পায়ে বুটের স্পাইক দিয়ে পাড়া দেওয়ায় ব্যথাটা যে অনেক বেশি পেয়েছিলেন, সেটি বলাই বাহুল্য।
নেইমার এই ঘটনায় বেশি বিরক্ত, ‘ওটা আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টার চেয়ে কম কিছু ছিল না। পুরো ব্যাপারটাই ছিল অন্যায়। সে সময় খেলা চলছিল না। আমরা ছিলাম মাঠের বাইরে। মেক্সিকান খেলোয়াড়েরা বেশি কথা বলে। অতিরিক্ত কথা বলে তারা বাড়ির পথ ধরেছে।’

বিশ্বকাপের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে নেইমার। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি মাঠে ভান করছেন। তবে ফাউলের শিকারও ব্রাজিল তারকা কম হননি। কাল মেক্সিকোর বিপক্ষে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের জবাব দিয়েছেন দুর্দান্ত ফুটবল দিয়েই। তবে সেই সঙ্গে মেক্সিকান খেলোয়াড়দেরও একটা খোঁচা দিতে মোটেও ভুল করেননি।