মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ভরসা কারা?

>বাংলাদেশ সময় রাত আটটায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কাদের নিয়ে এই লড়াইয়ে নামবে ব্রাজিল?
একটা সপ্তাহ ধরে বিশ্বকাপ যেন রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছে। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে দিয়ে শুরু। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় পর্বেই উঠতে পারল না তারা। নকআউট পর্বের প্রথম দুই দিনেই বাদ পড়ে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আর ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর এবারের অন্যতম ফেবারিট ইনিয়েস্তা-রামোসদের স্পেন। আজ ব্রাজিল-মেক্সিকো ম্যাচেও কি তেমন কিছু ঘটবে!
অনেকেই ব্রাজিল আর মেক্সিকোর শক্তিমত্তার দূরত্ব বিবেচনা করে যেকোনো ধরনের শঙ্কা উড়িয়েই দিতে চান। কিন্তু স্পেন-রাশিয়া ম্যাচের ফল তো বলে, এসব ম্যাচে ঘটতে পারে যেকোনো কিছুই। কাগজে-কলমের হিসাব সব সময় এখানে খাটে না। যদি খাটত, তাহলে তো রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্পেনের বিদায় নেওয়ার কথা নয়।
ব্রাজিল-মেক্সিকো ম্যাচে কিছুটা শঙ্কা থাকতেই পারে ব্রাজিল–সমর্থকদের। এই ম্যাচে মার্সেলোকে পাচ্ছে না ব্রাজিল। এটা বড় শঙ্কা। এমন ম্যাচে মার্সেলোর মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পার্থক্য গড়ে দিতে যথেষ্ট। গ্যাব্রিয়েল জেসুস প্রথম তিনটি ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেননি। নিজের মধ্যে ছিলেন না নেইমারও। সব মিলিয়ে দোলাচল থাকছেই। যেকোনো ম্যাচের আগেই সমর্থকেরা প্রিয় দলের একাদশ নিয়ে ভাবেন। নিজেদের পছন্দের খেলোয়াড়দের একাদশে কল্পনা করেন। সেটি কখনো মেলে, কখনো মেলে না। আজ মেক্সিকোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ?
আজ মার্সেলো খেলছেন না, এটা মোটামুটি নিশ্চিত। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ১০ মিনিট পরই পিঠের ব্যথায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আজ মার্সেলোকে প্রথম একাদশে দেখা না গেলেও ম্যাচের কোনো এক মুহূর্তে তাঁকে নামানোর ঝুঁকি নিতেও পারেন কোচ তিতে। তাঁর বদলে আজ শুরুর একাদশে খেলবেন ফিলিপে লুইস। সার্বিয়া ম্যাচে মার্সেলোর অভাব অনুভূত হতে দেননি এই লেফটব্যাক।

জেসুসকে নিয়ে প্রশ্ন থাকলেও ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার আজ শুরুর একাদশেই থাকবেন। সে ক্ষেত্রে ফিরমিনোকে আজও মাঠের বাইরেই থাকতে হবে শুরুতে। ‘নম্বর নাইন’ হিসেবে অনেকে লিভারপুলের ফিরমিনোকে আশা করলেও তিতের আস্থা জেসুসের ওপরেই। তিতে তাঁর প্রিয় ৪-৩-৩ ফরমেশনই ধরে রাখবেন মেক্সিকো ম্যাচে—এটা নিশ্চিতই। বার্সেলোনা তারকা পাওলিনহো কুতিনহো খেলছেন দুর্দান্ত। ফরোয়ার্ড লাইনের বাঁ প্রান্তে নেইমার ও ডান প্রান্তে চেলসির উইলিয়ান তো থাকছেনই।
রক্ষণে দানিলোর বদলে সার্বিয়ার বিপক্ষে খেলানো হয়েছিল ফ্যাগনারকে। দানিলো চোট থেকে সেরে ওঠার অপেক্ষায় আছেন। ফ্যাগনারও সুযোগ পেয়ে দারুণ খেলেছিলেন। আজ তাঁর ওপর আবারও ভরসা রাখবেন তিতে। রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের সবচেয়ে আস্থার জায়গা তাঁদের রক্ষণভাগ। তিন ম্যাচে গোল হজম করেছে মাত্র একটি। দুই সেন্টারব্যাক থিয়াগো সিলভা ও মিরান্দা জুটিটা জমাট থাকছে বেশ। চার ডিফেন্ডারের সামনে হোল্ডিং মিডফিল্ডার কাসেমিরো পুরো দলটিকে এক সুতোতেই বেঁধে রেখেছেন।
কয়েক বছর ধরেই ব্রাজিল গোলপোস্টের নিচে আস্থার এক নাম এলিসন। গ্রুপ পর্বের দুটি ম্যাচে ‘ক্লিন শিট’ রাখতে পেরেছেন তিনি। আজ তাঁকে মাথায় রাখতে হবে টাইব্রেকারের বিষয়টিও। কে জানে, নেইমার-কুতিনহোদের ছাপিয়ে এলিসনই আজ নায়ক হয়ে ওঠেন কি না!
আজকের ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এলিসন, ফ্যাগনার, মিরান্দা, ফিলিপে লুইস, থিয়াগো সিলভা, কাসিমিরো, পাওলিনহো, কুতিনহো, নেইমার, জেসুস, উইলিয়ান।