মেজাজ হারালেন গার্দিওলা

অপ্রীতিকর ঘটনাটা ঘটল কি না একটা প্রীতি ম্যাচে! পরশু মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অডি কাপের সেমিফাইনালে খেলছিল বায়ার্ন ও এসি মিলান। ম্যাচের মাঝবিরতিতে খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখনই দেখা মিলল রেগে টং হওয়া পেপ গার্দিওলার। বায়ার্ন কোচ উত্তেজিত হয়েই কিছু একটা বলছিলেন মিলানের অধিনায়ক নাইজেল ডি ইয়ংকে। উত্তর দিতে যাচ্ছিলেন ডি ইয়ংও। কিন্তু সতীর্থরা নিবৃত্ত করেন ডাচ মিডফিল্ডারকে।
কী করেছেন ডি ইয়ং, যাতে খেপে গেলেন আপাত শান্তশিষ্ট গার্দিওলা। মারদাঙ্গা ফুটবলার হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া ডি ইয়ং অবশ্য নতুন কিছু করেননি। ২০১০ বিশ্বকাপের ফাইনালে জাবি আলোনসোকে ফ্লাইং কিক মারা ডি ইয়ং ম্যাচের ২০ মিনিটে কড়া ট্যাকল করেছিলেন মিডফিল্ডার জশুয়া কিমিশকে। এ মৌসুমেই বায়ার্নে যোগ দেওয়া ২০ বছর বয়সী কিমিশের ম্যাচ শেষ ওখানেই। গতকালই হয়ে যাওয়া ফাইনালে খেলার সম্ভাবনাও তাঁর ছিল না। শঙ্কা আছে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকারও। গার্দিওলার খ্যাপার কারণ তো আছেই।
বার্সেলোনার সাবেক কোচ টানেলে কী বলেছিলেন ডি ইয়ংকে? ৩-০ গোলে জয়ের পর গার্দিওলা নিজেই বললেন সেটা, ‘কিমিশের জন্য উদ্বেগের কথাটাই আমি ডি ইয়ংকে বলেছি। সে পরের ম্যাচটা খেলতে পারবে না। সম্ভবত আরও কিছুদিন বাইরে থাকতে হতে পারে তাকে। সে আমার দলের অন্যতম সেরা খেলোয়াড়। আগামী ১০ বছরের জন্য জার্মানির অন্যতম সেরা খেলোয়াড়ও হবে সে।’
ফাউলের ঘটনা না দেখলেও এসি মিলানের কোচ সিনিসা মিহাইলোভিচ গার্দিওলারই সমালোচনা করেছেন, ‘ফুটবল তো ব্যালে নৃত্য না, ফাউল খেলারই অংশ। আর এ কারণেই এ ধরনের ম্যাচকে প্রীতি ম্যাচ বলা উচিত নয়।’ রয়টার্স, ইএসপিএন।