মেম্ফিসকে নিয়ে হাঁপ ছেড়ে বাঁচল বার্সেলোনা
এমনিতেই রোনাল্ড কোমানের চিন্তার শেষ নেই। যে লিওনেল মেসির ওপরে আক্রমণভাগের সিংহভাগ দায়িত্ব বর্তানো যেত, সেই মেসি এখন অন্য ঠিকানায়। প্যারিসে। আজ যখন স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামতে যাচ্ছে বার্সা, পিএসজিতে চলে যাওয়া মেসিকে ছাড়াই আক্রমণভাগের পরিকল্পনা সাজাতে হচ্ছে কোমানকে।
মেসিহীন সেই পরিকল্পনায় মেম্ফিস ডিপাইয়ের খুব ভালোভাবেই থাকার কথা। কিন্তু সে পরিকল্পনা আদৌ বাস্তবায়ন হবে কি না, সেটা নিয়ে নতুন চিন্তায় পড়েছিল বার্সেলোনা। মেম্ফিসের এখনো নিবন্ধনই যে হয়নি! নিবন্ধনের সময়ও শেষ হয়ে যাচ্ছে দ্রুত। আরও নির্দিষ্ট করে বললে, বার্সেলোনার ডেডলাইন বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১১টা ৫৫ মিনিট। এর মধ্যে নিবন্ধন করাতে না পারলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে আজ মেম্ফিসকে খেলাতে পারবে না বার্সা। সে ঝামেলা মিটেছে দলটার। শেষ মূহুর্তে এসে মেম্ফিস ও এরিক গার্সিয়া, দুই নতুন খেলোয়াড়কে নিবন্ধন করাতে পেরেছে বার্সেলোনা।
নিজে যেদিন কোচ হয়ে ক্যাম্প ন্যু-তে পা রেখেছেন, সেদিন থেকেই নিজের স্বদেশি ফরোয়ার্ড মেম্ফিসকে চেয়েছেন বার্সার ডাচ কোচ রোনাল্ড কোমান। গত মৌসুমে না পেলেও এবার ঠিকই ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে মেম্ফিসকে দলে টেনেছেন কোমান। লুইস সুয়ারেজ চলে যাওয়ার পর বার্সেলোনায় যে স্ট্রাইকার-শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেটা সমাধানে কোমানের পরিকল্পনার মূল অংশ তাই বলা যেতে পারে মেম্ফিসকে।
সে সমস্যার সমাধান করতে না করতেই মেসির বিদায়। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে আরেক নতুন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর চোট। আনসু ফাতি? তিনি চোট কাটিয়ে ফিরেছেন, কিন্তু পুনর্বাসন শেষ হয়নি তাঁর। ওদিকে আজ থেকে লা লিগার নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সেলোনা খেলতে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। এবার মেম্ফিসের এই সমস্যা নিয়ে গলদঘর্ম হতে হচ্ছিল বার্সেলোনাকে! তা যা হোক, সমস্যা মিটেছে।
জেরার্ড পিকের কল্যাণে শুধু মেম্ফিসই নয়, এরিক গার্সিয়াকেও নিবন্ধন করতে পেরেছে বার্সেলোনা। নিজের বেতন কমিয়েছেন পিকে, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সেলোনা।
ক্লাবের খেলোয়াড়দের বেতন বিল এতটাই বেশি হয়ে গিয়েছিল যে নতুন খেলোয়াড় নিবন্ধনও করতে পারছিল না বার্সেলোনা। ঠিক এই কারণে মেসিকেও ধরে রাখতে পারেনি বার্সা। এই মৌসুমে বার্সা যে চার নতুন খেলোয়াড়কে ক্লাবে টেনেছে, তাঁদের মধ্যেও শুধু নিবন্ধন করাতে পেরেছে এমারসন রয়ালকে। সেটিরও কারণ আছে, এমারসন মূলত বার্সারই খেলোয়াড়, গত দুই মৌসুমে রিয়াল বেতিসে ধারে খেলেছেন বার্সায়।
আজ ম্যাচের আগে মেম্ফিসকেও নিবন্ধন করাতে পারবে কি না, তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছিল। ম্যাচ শুরুর পাঁচ মিনিট আগেও যদি বার্সা মেম্ফিসকে নিবন্ধন করাতে না পারত, তাহলে এই ডাচ স্ট্রাইকারকে ছাড়াই আজ সোসিয়েদাদের বিপক্ষে পরিকল্পনা সাজাতে হত কোমানকে। ম্যাচ ১২টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যেই এই ঝামেলা চুকাতে হত বার্সেলোনাকে। একই সমস্যা নতুন ডিফেন্ডার এরিক গার্সিয়ার ক্ষেত্রেও ছিল। সেই ডেডলাইন পর্যন্ত যেতে হয়নি দলটাকে।
প্রথমে জানা গিয়েছিল, শনিবারের মধ্যেই এ দুজনকে নিবন্ধন করে ঝামেলা মেটাবে বার্সেলোনা। কিন্তু কিসের কী! প্রত্যেক খেলোয়াড়ের নিবন্ধন ফি বাবদ ৫৪ হাজার ৬৯২ ইউরো দিতে হয়েছে বার্সেলোনাকে। আর সেটা সম্ভব হয়েছে জেরার্ড পিকের কল্যাণে, যিনি বেতন কমিয়েছেন নিজের।