মেম্ফিসদের নিবন্ধন না করেই মিথ্যাচার করেছে বার্সেলোনা

বার্সার হয়ে প্রীতি ম্যাচে খেললেও প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য নিবন্ধিত ছিলেন না মেম্ফিস ডিপাইছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে কিছুদিন পর বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করলেও কেউ বিশ্বাস করবে না!


করবে কেন? যেকোনো বিষয়ে বার্সেলোনার মিথ্যাচারই এ অবস্থার সৃষ্টি করবে। ক্লাব সংক্রান্ত যেকোনো বিষয়ে তাদের একটা আনুষ্ঠানিক ঘোষণাই যেখানে চূড়ান্ত হওয়ার কথা, সেখানে দেদার মিথ্যাচার করছে বার্সা।

বার্সেলোনা গতকাল জানিয়েছিল, দলে নতুন আসা মেম্ফিস ডিপাই ও এরিক গার্সিয়াকে লিগের জন্য নিবন্ধন করা হয়ে গেছে অবশেষে। কিন্তু সে দাবি কিছুক্ষণ পরেই অস্বীকার করে বিবৃতি দেয় লা লিগা!

বার্সেলোনার বিবৃতি অস্বীকার করে লা লিগার বিবৃতি
ছবি : টুইটার

না, এতে বার্সেলোনা সমর্থকদের ভয় পাওয়ার কিছু নেই। লা লিগার এই বিবৃতির পরেও মেম্ফিস গার্সিয়া ও আরেক খেলোয়াড় রে মানাজকে নিবন্ধন ঠিকই করেছে বার্সা। লা লিগার অফিশিয়াল ওয়েবসাইটেও বার্সেলোনার খেলোয়াড় হিসেবে এ তিনজনের নাম জ্বলজ্বল করছে এখন। কিন্তু এ ব্যাপারটি নিয়ে অযথা লুকোচুরির আশ্রয় নেওয়া, বার্সার বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে।

ডিপাই আর গার্সিয়ার নিবন্ধন হয়ে গেছে, এমন ঘোষণা বার্সা দেওয়ার পরপরই লা লিগা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, ব্যাপারটা সত্য নয়। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করে লা লিগা, ‘মেম্ফিস ডিপাই ও এরিক গার্সিয়ার লিগ নিবন্ধন নিয়ে বার্সেলোনা আজ সকালে যে বিবৃতি দিয়েছে, তার প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। বার্সেলোনা যখন আনুষ্ঠানিক বিবৃতি দেয়, তখন আসলে আমাদের কাছে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সংক্রান্ত কোনো কাগজপত্র জমা দেয়নি। তাঁরও পরে দিয়েছে। সে কাগজপত্র এখন লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা বিভাগ যাচাই করে দেখছে।’

এরপর বার্সা ঠিকই মেম্ফিস ডিপাই আর এরিক গার্সিয়ার সঙ্গে রে মানাজের নিবন্ধন সম্পন্ন করে। তবে যখন ঘোষণাটা দেওয়া হয়েছিল, তখন করা হয়নি। এই লুকোচুরি খেলায় কার লাভ হলো, প্রশ্ন এখন এটিই।

অবশেষে তিনজনকেই নিবন্ধন করিয়েছে বার্সেলোনা
ছবি : লা লিগা ওয়েবসাইট

আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচে মেম্ফিস, গার্সিয়া আর মানাজের খেলতে কোনো বাধা নেই। এমনিতেই দলে মেসি নেই। তারপর ওপর মেম্ফিস আর গার্সিয়ার নিবন্ধন না হওয়ার কারণে এঁদের খেলা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছিল। ম্যাচ শুরুর পাঁচ মিনিট আগেও যদি বার্সা এদের নিবন্ধন করাতে না পারত, তাহলে এদের ছাড়াই আজ সোসিয়েদাদের বিপক্ষে পরিকল্পনা সাজাতে হতো কোমানকে। ম্যাচ ১২টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যেই এই ঝামেলা চুকাতে হতো বার্সেলোনাকে।


এখন থেকে নিজের ক্লাবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসলেও বার্সেলোনা সমর্থকদের তা বিশ্বাস করার আগে দুবার ভাবতে হবে!