মেয়েদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, জাপান, চীন, থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা। এটা বাংলাদেশের ফুটবলেরই এক মাইলফলক।

বছর তিনেক আগেও কিন্তু এই মেয়েরা ফুটবলে ঠিকমতো লাথি দিতে পারত না। বাফুফে এদের তুলে এনে ফুটবল শিখিয়েছে। লম্বা সময় ক্যাম্পে রেখেছে। এই অনূর্ধ্ব-১৬ গ্রুপের খেলা হওয়ার কথা ছিল ইরানে, সেটা ঢাকায় আনা হয়েছে। সামনে ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন এবং তাঁর সঙ্গীরা। আর মেয়েদের অদম্য ইচ্ছা তো ছিলই। তারই ফল, এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠে আরও বড় স্বপ্ন দেখার সুযোগ।

স্বপ্নটা এগিয়ে নিতে চায় বাফুফে। তাই মেয়েদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করা হয়েছে। আগামী বছর ৯-২৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব। ওখানে আট দলে তৃতীয় হতে পারলেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট। সেটা অনেক কঠিন সন্দেহ নেই। তবে মেয়েদের আগামী এক বছর অনুশীলনে রেখে স্বপ্ন পূরণের কাছাকাছি নিতে চান কর্মকর্তারা।

লম্বা সময়ের জন্য মেয়েরা ক্যাম্পে থাকবে। তাদের আর্থিক নিরাপত্তা দরকার। এবার ঢাকা জয় করে মেয়েরা মাত্র ৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরেছে। তবে ভবিষ্যতে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘আমরা এই মেয়েদের মাসে মাসে একটা ভালো অঙ্কের টাকা দেব।’

সাফল্য দেওয়ার পরও কোচ গোলাম রব্বানীকে বাদ দেওয়ার যে গুঞ্জন উঠেছে, সালাউদ্দিন সেটি উড়িয়ে দিয়েছেন। একজন বিদেশি পুষ্টিবিদ ও ট্রেনার আনার কথা বলছেন তিনি। তবে একই সঙ্গে বর্তমান কোচের ওপরও রাখছেন আস্থা, ‘মেয়েদের জন্য গোলাম রব্বানীই যথেষ্ট। তাকে আমরা রাখব। শুধু একজন বিদেশি পুষ্টিবিদ ও ট্রেনার আনব।’

শিগগিরই চীন-জাপানের মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে ঢাকায় এবং ওই দেশগুলোয় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করতে চান সালাউদ্দিন। গোলাম রব্বানী এটা শুনে কাল উচ্ছ্বাসই প্রকাশ করলেন, ‘আমার চাওয়াটাই সভাপতি সাহেব বলে দিয়েছেন। আপাতত এর বেশি কিছু চাওয়ার নেই। এখন ভালোভাবে অনুশীলন করতে পারলে চূড়ান্ত পর্বেও ভালো ফল আসবে। সেই আত্মবিশ্বাস আমার আছে।’

এই ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত ঢাকা পড়েছে বাফুফের অবহেলায়। এই দলের নয়জন কিশোরী ফুটবলারকে লোকাল বাসে করে ঢাকা থেকে ময়মনসিংহের প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরে পাঠানো হয়। পথে সহযাত্রীদের কটুকথা শুনতে হয়েছে মেয়েদের, যা নিয়ে সমালোচিত বাফুফে। ভবিষ্যতে এমন কিছু হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

ঈদের পরপরই ১৭ সেপ্টেম্বর ঢাকায় মেয়েদের সংবর্ধনা দেবে বাফুফে। এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দেশের সবচেয়ে ধনাঢ্য ক্রীড়া ফেডারেশন এই মেয়েদের সবাইকে ১ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে কাল। কৃষ্ণাদের এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা।