মেয়েদের জাপান-শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে গল্প করার মতো কিছু উপাদান পেয়ে গেলেন কৃষ্ণারা। গল্পের বিষয় জাপান সফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের কাছে সফরটা একেবারে তরতাজা। তাজা স্মৃতি নিয়ে বলার মধ্যে বাড়তি একটা আনন্দ থাকে। সেই আনন্দই কাল বাংলাদেশ দল জানাল ঘটা করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে।
বাফুফে ভবনের ওই সংবাদ সম্মেলনে একবার তো হাসির রোল পড়ল। বাংলাদেশ দলের স্ট্রাইকার স্বপ্নার পায়ে আট গোল দেখে স্থানীয় আয়োজকেরা নাকি মজা করে বলেছিল, এই মেয়েটি বাংলাদেশের নয়! বাংলাদেশের মেয়ে এত গোল করে কীভাবে, এটাই নাকি তাদের বিস্ময়। স্বপ্না কাল সংবাদ সম্মেলনে অবশ্য এসব নিয়ে বেশি কিছু বলতে পারেনি। জাপানের মতো দেশ দেখে আসার রোমাঞ্চেই সে ডুবে আছে!
তবে মেয়েরা সবচেয়ে বেশি রোমাঞ্চিত জাপানে নতুন কিছু শিখে আসার সুযোগ পেয়ে। অধিনায়ক কৃষ্ণা যেমন বলছিল, ‘আমরা এত কিছু শিখব, জানব, ভাবতেই পারিনি।’ উদাহরণও দেয়, ‘দেশে খাওয়ার পর নিজের প্লেটটা পর্যন্ত আমরা ধুই না। কিন্তু ওখানে নিজের সব কাজ নিজেকেই করতে হয়েছে। এটা আমাদের জন্য বড় এক শিক্ষা।’
শিক্ষা আরও আছে। কীভাবে কথা বলতে হয়, কীভাবে মাঠে যেতে হয়, এসবই তারা জাপানি সংস্কৃতি থেকে শিখে এসেছে। কোচদের জন্যও এটি ছিল নতুনভাবে নিজেদের আবিষ্কার করার সুযোগ। বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানীও এটিকে ‘শেখার সফর’ হিসেবেই দেখছেন, ‘ওখানে বিশ্বমানের একটি একাডেমিতে আমরা ছিলাম। ওই একাডেমির সবকিছু এত সুন্দর যে, বলার নয়। মাঠগুলো যেন মখমলের মতো। থাকার ব্যবস্থা অসাধারণ। অনেক দল এসেছে। সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হয়েছে।’
তবে ওসাকার ওই আয়োজন যেহেতু ফেস্টিভ্যালের আড়ালে খেলাও, তাই খেলার ব্যাপারে সচেতন ছিল বাংলাদেশ দল। দুই দিনে ছয় ম্যাচ খেলে ৪ জয়। ১টি ড্র এবং একমাত্র হার টাইব্রেকারে। দারুণ ফলই। গ্রুপে তৃতীয় হয়ে ফেরারও বাংলাদেশের জন্য তৃপ্তির। একই সঙ্গে তৃপ্তির সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাটানো। জাপানের পেশাদার দলের অনুশীলন তারা দেখেছে। স্কুলের শিশুদের অনুশীলন দেখার সুযোগও হাতছাড়া করেনি বাংলাদেশ দল। সব মিলিয়ে ব্যস্ত সময়ই কেটেছে।
এক মাঠ থেকে আরেক মাঠে যাওয়া, একটু বিশ্রামও ছিল না। কোচ তো ওখানকার সুযোগ-সুবিধার কথা ভুলতেই পারছেন না, ‘দেশে মেয়েরা একটা গোলপোস্ট দেখে অভ্যস্ত। কিন্তু এই সফরে ওরা নানা মাপের গোলপোস্ট দেখেছে। এটাও একটা নতুন অভিজ্ঞতা।’
গত কিছুদিন এমন নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় হচ্ছে এই মেয়েদের। এবং তাদের এই শেখার ভ্রমণটা চলবেই। জাপান থেকে ফিরতে না ফিরতেই ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় (জাপান-ফেরত অনূর্ধ্ব ১৬ দলের সঙ্গে যোগ হবে চার খেলোয়াড়) দল উড়াল দেবে সিঙ্গাপুর। যেখানে হবে প্রীতি ম্যাচ। স্বাগতিক দল ও মালয়েশিয়ার সঙ্গে আরেকটি দেশ থাকার কথা সিঙ্গাপুরে।