মেয়েদের জাপান সফরের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিলিগুড়ি থেকে ঢাকায় ফিরে একটু অবসরেরও সময় যেন নেই মেয়েদের। আবার সকালে উঠেই অনুশীলন, কোচের কড়া শাসন। কয়েক মাস ধরে এভাবেই দিন কাটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়ে ফুটবল দলের।

অনূর্ধ্ব-১৬ দলের কথা বলা হচ্ছে, কারণ শিলিগুড়িতে সাফ টুর্নামেন্টে জাতীয় দল খেললেও সামনে আপাতত আর জাতীয় দলের খেলা নেই। সামনে আছে সেই কাঙ্ক্ষিত টুর্নামেন্ট, অনূর্ধ্ব-১৬ এএফসি কাপের চূড়ান্ত পর্ব। সেটি সামনে রেখে সিনিয়র পাঁচজন বাদে বাকিদের নিয়ে এখন একটানা প্রস্তুতি চলবে।

বাফুফে ভবনের ক্যাম্পে তাঁদের তোলা হয়েছে। ছুটি না দেওয়ার বড় কারণ, এ মাসের শেষ দিকে জাপানে অনূর্ধ্ব-১৬ দল প্রীতি ম্যাচ খেলতে যাবে। অজপাড়াগাঁয়ের মেয়েরা জাপান যাবেন, এটা ভেবেই রোমাঞ্চিত ওঁরা।

সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্বের আগে বাংলাদেশ দলের মনোযোগ এখন জাপানকেন্দ্রিক। এটি যদিও অভিজ্ঞতা অর্জনের সফর, কিন্তু বাংলাদেশ দল চায় না ওখান থেকে শুধুই ভ্রমণানন্দ নিয়ে ফিরতে। কোচ গোলাম রব্বানী বলেছেন, ‌‘জাপান সফর থেকে সর্বোচ্চ প্রাপ্তিটাই অামরা ঘরে তুলবে চাইব।’

সাফের মঞ্চে নবীন দল নিয়ে এই প্রথম ফাইনালে খেলা সম্ভব হবে, এতটা ভাবা যায়নি। রানার্সআপ হওয়াটাও প্রত্যাশাতীত প্রাপ্তি। গত কিছুদিনে মেয়েদের খেলায় কী উন্নতি হয়েছে, কোচ সেটি দেখতে চেয়েছিলেন সাফে। ‌‘যা দেখলাম, তাতে আমি খুশি। ফাইনালে ভারত বিতর্কিত পেনাল্টি না পেলে ফল অন্য রকমও হতে পারত।’ গোলাম রব্বানীর কণ্ঠে একটু আফসোসও।

আফগানদের ৬-০ গোলে উড়িয়ে শুরু। ভারতের সঙ্গে ০-০ ড্র নিয়ে সেমিফাইনালে পা রাখা। সেমিতে মালদ্বীপকে ৬-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে। দলের এমন ওপরের দিকে ওঠা দেখে কোচ ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আশাবাদী হতে পারছেন,‌ ‘সাফের মতো প্রতিযোগিতায় দুটি ম্যাচে মেয়েরা দাপটের সঙ্গে বড় ব্যবধানে জিতেছে, এটা আমাদের জন্য অবশ্যই গর্বের।’

বিমানবন্দরে মেয়েরা তাই মিষ্টি, ফুল পেয়েছেন। কিন্তু বাফুফের শীর্ষ কোনো কর্মকর্তা যাননি মেয়েদের স্বাগত জানাতে।