মেয়েদের মন জেতা হবে তো রোনালদিনহোর!

বুড়ো হাতির দামও তো লাখ টাকা। রোনালদিনহোর মাপের ফুটবলার আসছে, মেক্সিকোতে তাই শোরগোলই পড়ে গিয়েছিল। দুইবারের ফিফা বর্ষসেরা অবশ্য মজা করে বলেছিলেন, মেক্সিকোতে শুধু ট্রফি নয়, মেয়েদের মনও জিততে এসেছেন। তবে শুরুটা যেমন হলো, তাতে মেয়েদের মন জেতা তো দূরের কথা, দর্শকদের দুয়োই শুনতে হলো। অভিষেকে সাবেক বার্সা তারকার দল হেরেছে বলেই নয়, পেনাল্টি থেকে গোল করার সুযোগও নষ্ট করেছেন এই প্লে মেকার।
৩৪ বছর বয়সী রোনালদিনহোকে এবার কিনে নেয় কুয়েরেতারো এফসি। কর্ম-অনুমোদন পাওয়ার জটিলতায় আটকে ছিল মাঠে নামা। রোনালদিনহোকে ঠেকাতে ডিফেন্ডাররা নেকড়ের মুখোশ পরে অনুশীলন করছে, এমন খবরও মিলছিল। অবশেষে গতকাল নিজেদের মাঠে অভিষেক হয় রোনির। কিন্তু প্রথম ম্যাচের স্নায়ু দুর্বলতাতেই কি না, পেনাল্টিটা একেবারে বারের অনেক ওপর দিয়েই মারলেন। সেই ‘অপরাধ’ শুধরে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টাও সফল হয়নি। টাইগার্সের বিপক্ষে তাঁর দল হেরেছে ১-০ গোলে।