মেসি আগের মতোই আছেন

‘তুমি কি সেই আগের মতোই আছ নাকি...অনেকখানি বদলে গেছ!’ না, বার্সেলোনার সমর্থকদের আকুলতা হয়তো ওই পর্যায়ে যায়নি, তবু শঙ্কা তো ছিলই—মেসি কি আছেন আগের মতো? আর্জেন্টিনার জার্সিতে আরেকটি হতাশামাখা ফাইনালের পর তো আসলেই বদলে গিয়েছিলেন লিওনেল মেসি। জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন, চুলে সাদা রং করলেন আর কোপা আমেরিকার থেকে গালে গজানো দাড়ি তো আছেই। এই মেসি তো অচেনাই!
বেশ লম্বা ছুটি কাটিয়ে বার্সেলোনার প্রাক–মৌসুম প্রস্তুতিতে ফেরার পরও সেই শঙ্কা কাটেনি। সেল্টিকের বিপক্ষে তো মাঠে সেভাবে দেখাই যায়নি মেসিকে। কোচ লুইস এনরিকেও তাই প্রশ্ন শুনতে হয়েছে মেসিকে আগের মতো পাওয়া যাবে? ফুটবল কি আর আগের মতো উপভোগ করছেন মেসি? নাকি সব হারানো মানুষের মতো দিগ্ভ্রান্ত হয়ে পড়ছেন?
প্রাক–মৌসুমে প্রথম ম্যাচে ‘অচেনা মেসি’কে দেখার পর আবারও উঠেছিল প্রশ্নটা। কিন্তু সব প্রশ্নের উত্তর এক ম্যাচেই দিয়ে দিলেন মেসি। কাল লেস্টার সিটির সঙ্গে খেলতে নেমেছিলেন মেসি ও তাঁর দল। হ্যাঁ, মেসির দলই তো, কাল যে বার্সার অধিনায়কের বাহুবন্ধনী বাঁধা ছিল তাঁর হাতেই। সাদা চুল, গালে লালচে দাড়ি কিন্তু মেসিকে কাল চেনাতে হয়নি। সেই চকিত দৌড়, অবিশ্বাস্য সব থ্রু পাস। সতীর্থকে গোল বানিয়ে দেওয়ার সেই হাসি। এই মেসিকে চেনাতে হয় না। কাল মুখোশ পরে নামলেও বলে দেওয়া যেত মাঠে মেসি আছেন কি না।
মেসির কারণেই ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে প্রথমার্ধে প্রায় উড়িয়েই দিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। মেসির তিনটি পাসেই ছিন্নভিন্ন হয়ে গেল লেস্টারের রক্ষণভাগ। সেগুলো থেকে গোল করলেন মুনির এল হাদ্দাদি ও লুইস সুয়ারেজ। বোঝা গেল, ইংলিশ রূপকথা জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ জিতলেও ইউরোপে সে চমক উপহার দিতে হলে আরও অনেক দূর যেতে হবে লেস্টারকে। লেস্টার এবারই প্রথম খেলবে চ্যাম্পিয়নস লিগও।
দ্বিতীয়ার্ধে মেসি উঠে যাওয়ার পরই খেলায় ফিরে আসে লেস্টার। আহমেদ মুসার দুই গোলে ফিরে আসার আশাও দেখছিল তারা। ৩-২ স্কোর লাইন আশা তো জাগাই। কিন্তু শেষ দিকে বার্সার একাডেমির খেলোয়াড় রাফা মুহিকার গোলে ৪-২ গোলেই শেষ হয় ম্যাচ। তবে বার্সেলোনা কাল যেকোনো ফলেই হয়তো খুশি থাকত। তাদের মেসি যে আগের মতোই আছেন! সূত্র: গোল।