মেসি আছে নেইমার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনের ফাঁকেই একটু হাসি-কৌতুকের সময় বের করে নিলেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস-পাওলিনহোরা (বাঁয়ে)। মেসি-ডি মারিয়াদের অনুশীলনের ছবি দেখে অবশ্য মনে হতে পারে, আর্জেন্টিনাই বুঝি প্রীতি ম্যাচটিকে ব্রাজিলের চেয়ে বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কাল মেলবোর্নে l এএফপি
অনুশীলনের ফাঁকেই একটু হাসি-কৌতুকের সময় বের করে নিলেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস-পাওলিনহোরা (বাঁয়ে)। মেসি-ডি মারিয়াদের অনুশীলনের ছবি দেখে অবশ্য মনে হতে পারে, আর্জেন্টিনাই বুঝি প্রীতি ম্যাচটিকে ব্রাজিলের চেয়ে বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কাল মেলবোর্নে l এএফপি

ম্যাচটা ঘিরে আগ্রহ আর্জেন্টিনা সমর্থকদেরই বেশি। নতুন কোচের অধীনে নতুন যাত্রা বলে কথা! হোক না আজ ব্রাজিলের সঙ্গে ম্যাচটা শুধুই একটা প্রীতি ম্যাচ।

‘হোক না প্রীতি ম্যাচ’ বাক্যাংশটা বোধ হয় ঠিক হলো না। ফিফার সূচি বলবে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশ সময় আজ বিকেল চারটায় ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মনে হয় না কখনো ‘শুধুই প্রীতি ম্যাচ’ হতে পারে। ব্রাজিলের মিডফিল্ডার ফার্নান্দিনহোই বলছেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনা কখনোই প্রীতি ম্যাচ হয় না। সবাই-ই জেতার জন্য মরিয়া থাকবে এখানে। আর এমন ক্ল্যাসিক ম্যাচে জেতা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি!’

এ তো গেল খেলোয়াড়দের অনুভূতি, কিন্তু এর বাইরে দর্শক আগ্রহের ‘জোয়ার’ আরও উত্তাল। এক লাখ দর্শক ধারণক্ষমতার এমসিজির কোনো টিকিটই অবিক্রীত নেই। এএফপির প্রতিবেদন, এমনকি অনলাইনে ‘সেকেন্ড হ্যান্ড টিকিট’ কিনতেও গুনতে হচ্ছে ৬০৭ অস্ট্রেলিয়ান ডলারের মতো! বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা! টিকিটের আয়, টিভি স্বত্ব ও অন্যান্য আয় মিলিয়ে এই ম্যাচ থেকেই অস্ট্রেলিয়ার অর্থনীতিতে যোগ হবে প্রায় ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার!

হতেই পারে। দক্ষিণ আমেরিকার ‘সুপার ক্ল্যাসিকো’ না! তবে ম্যাচের আগেই একটু হতাশাও আছে ম্যাচটাকে ঘিরে। সেটি ব্রাজিল সমর্থকদেরই বেশি। যদিও এটিকে মেসি-নেইমারের লড়াই হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু ব্রাজিল কোচ তিতে এই ম্যাচে বিশ্রাম দিয়েছেন নেইমারকে। ফিলিপে কুতিনহো, গ্যাব্রিয়েল জেসুস, উইলিয়ানরা অবশ্য থাকছেন। তবে এর বাইরে ব্রাজিলের দলটা বলতে গেলে দ্বিতীয় সারির। ২০১৮ বিশ্বকাপের দল গড়ার লক্ষ্যে এই ম্যাচে অনিয়মিত খেলোয়াড়দের ‘দেখা’র সুযোগটা নিচ্ছেন তিতে।

আর্জেন্টিনার জন্যও এই ম্যাচ একটা সুযোগ। নতুন কোচ হোর্হে সাম্পাওলির দল সম্পর্কে একটা ধারণা নেওয়ার। দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা আছে দশ দলের মধ্যে পাঁচ নম্বরে (বিশ্বকাপে সরাসরি যেতে পারে চারটি দল, পঞ্চম দল খেলে প্লে-অফ)। আগস্টে উরুগুয়ের সঙ্গে বাছাইপর্বের পরের ম্যাচ, তার আগে আজ ব্রাজিল ও চার দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে দলটা গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন সাম্পাওলি।

দলের প্রাণভোমরা কে থাকছেন, সেটি নতুন করে বলার কিছু নেই। লিওনেল মেসি! তবে শুধু মেসির ওপর নির্ভরতা কমাতে চান সাম্পাওলি। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ কাল বলেছেন, ‘আমরা চাই না ও (মেসি) মাঠে একা হয়ে পড়ুক। চাই সবাই যেন ওকে সঙ্গ দিতে পারে, সেটি নিশ্চিত করে মেসির কাছ থেকে সেরাটা বের করে নিতে চাই।’ মেসির সঙ্গে দিবালার জুটি গড়তে চাইছেন সাম্পাওলি, ‘মেসি ও দিবালা দুজনই দুর্দান্ত। এই প্রীতি ম্যাচগুলো আমাদের সুযোগ করে দিচ্ছে দুজনের যুগলবন্দী পরখ করে নেওয়ার—ওরা একসঙ্গে খেলতে পারবে কি না, এতে সুফল কতটা হবে...সবকিছুই।’ এএফপি, গোলডটকম।

আর্জেন্টিনা সমর্থকেরাও নিশ্চয়ই এই দুজনকে একই ছন্দে দেখার অপেক্ষায়।