মেসি আজ মাঠে নামবেন কি না, সিদ্ধান্ত নেননি পিএসজি কোচ
লিওনেল মেসি কবে পিএসজির জার্সি পরে মাঠে নামবেন, এ মুহূর্তে ফুটবল–দুনিয়ার সবচেয়ে আরাধ্য বিষয় এটিই। ‘বার্সেলোনার মেসি’ যখন অন্য কোনো দলের হয়ে যান, তখন নতুন দলের জার্সি গায়ে মাঠে তাঁকে দেখতে কেমন লাগে; এমন কৌতূহল তো বাঁধ মানার নয়। মানছেও না। আজ ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে পিএসজি মুখোমুখি হবে রেঁসের। এ ম্যাচে মেসির পিএসজির হয়ে অভিষেক হবে, এমন কথা থাকলেও কোচ মরিসিও পচেত্তিনো নাকি এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি, মেসিকে আদৌ তিনি খেলাবেন কি না!
এ মাসের শুরুতে ফুটবল–দুনিয়া কাঁপিয়ে দেয় বার্সেলোনার সিদ্ধান্ত—দলের সবচেয়ে সেরা তারকাকেই তারা ধরে রাখতে অপারগ। লা লিগার ‘বেতন সীমা’সংক্রান্ত প্যাঁচে পড়ে মেসি বাধ্য হয়েছেন বার্সেলোনা ছাড়তে। শিগগিরই আর্জেন্টাইন তারকা সিদ্ধান্ত নিয়ে ফেলেন নিজের গন্তব্যের ব্যাপারে। খুব বেশি বিকল্প তাঁর হাতে ছিল না, কিন্তু তিনি অনুমিত গন্তব্যই বেছেছেন—প্যারিস সেন্ট জার্মেইঁ। বার্সেলোনা ছেড়ে মেসি তাঁর পরিবার নিয়ে এখন ঐতিহ্যের শহর প্যারিসের বাসিন্দা। কিন্তু এসব তো পুরোনো তথ্য। নতুন তথ্যের জন্য মুখিয়ে পিএসজি সমর্থকেরা, গোটা ফুটবল–দুনিয়াও বটে—মেসির কবে পিএসজির জার্সিতে অভিষেক হবে।
পিএসজির সঙ্গে মেসি অনুশীলন করছেন। সে ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে আসছেও। কেবল আসছে না মেসির অভিষেকের দিনক্ষণ, নির্দিষ্ট করেই। দুই সপ্তাহ ধরে একটা তারিখ বাতাসে ভেসে বেড়াচ্ছে—২৯ আগস্ট। সেই তারিখ আজই। কিন্তু সেটিও নাকি এখন নিশ্চিত কিছু নয়। পিএসজি কোচ পচেত্তিনো বারবারই বলছেন, মেসিকে পুরো ফিট অবস্থায় মাঠে নামাতে চান তিনি। গত মৌসুমের ইতি টানার পর মেসি শুধু আর্জেন্টিনার জার্সি গায়েই খেলেছেন। সেটিতে তিনি সফল। নিজের অধিনায়কত্বে দেশের হয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের গৌরব গায়ে মেখেছেন। জুলাইয়ের ১১ তারিখ কোপার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে মাঠের বাইরেই তাঁর অবস্থান। প্রাক্-মৌসুম প্রস্তুতি বলতে যেটি বোঝায়, সেটি নেওয়া হয়নি আর্জেন্টাইন তারকার। পচেত্তিনোর মাথায় ঘুরছে এগুলোই।
মেসিকে মাঠে নামানোর আগে কিছু ব্যাপার নিয়ে ভাবতে চান পিএসজিতে মেসির স্বদেশি কোচ, ‘আমাদের আরও কিছু ব্যাপার বিশ্লেষণ করতে হবে। আরও ভাবতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্তে আসব।’ তবে পচেত্তিনো ইঙ্গিত দিয়েছেন, আজ রেঁসের বিপক্ষে পিএসজির তিন মহাতারকা নেইমার, এমবাপ্পে আর মেসিকে স্কোয়াডে রাখার, ‘তাঁরা তিনজনই খুব সম্ভবত স্কোয়াডে থাকছে।’
রোববার ফ্রান্সের সময় সকালে স্কোয়াড ঘোষিত হবে বলে জানা গেছে। পচেত্তিনো মেসির ব্যাপারে যে বেশ ইতিবাচক, বোঝা গেছে তাঁর কথাতেই, ‘মেসি দুর্দান্ত একজন খেলোয়াড়। পেশাদার ফুটবলার। সে বার্সেলোনা থেকে পিএসজিতে এসে দারুণভাবে, বেশ দ্রুতই মানিয়ে নিয়েছে। সতীর্থদের সঙ্গেও নিজেকে মানিয়ে নিয়েছে। নতুন জায়গার পরিবেশে সে অভ্যস্ত হয়ে উঠেছে। নতুন জায়গায় নিজেকে উজাড় করে দেওয়ার ব্যাপারে তাঁর সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই।’