মেসি আবার বর্ষসেরা ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়েফা বর্ষসেরার পুরস্কার হাতে মেসি। ছবি: রয়টার্স
উয়েফা বর্ষসেরার পুরস্কার হাতে মেসি। ছবি: রয়টার্স

গত দুই বছর তাঁকে দর্শক বানিয়ে টানা দুবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের বর্ষসেরার মুকুট অবশ্য গত তিনবার গেছে তিনজনের ভাগে। আবারও লিওনেল মেসির রাজত্ব ফিরে আসছে ফুটবলে। উয়েফা বর্ষসেরা হওয়াই যেন তারই ঘোষণা। আজ বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হলো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের ট্রফি।
সেরা তিনে দুজনই ছিলেন বার্সেলোনার। আজ দর্শক আসনে পর পর তিন সারিতে বসেছিলেন সংক্ষিপ্ত তালিকার তিনজন। সবার সামনে লুইস সুয়ারেজ। মাঝখানে ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পেছনে মেসি। পেছন থেকে উঠে এসে সেরা ফুটবলারের পুরস্কার মেসিই তুললেন। ৫৪ ভোটের ৪৯ টিই পেয়েছেন মেসি। সুয়ারেজ পেয়েছেন ৩ ভোট, বাকি দুটি রোনালদো।
২০১১ সালের পর চার বছর অপেক্ষা শেষে আবারও ইউরোপ সেরা হলেন মেসি। ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা একীভূত হওয়ায় সেই বছরই প্রথম চালু করা হয় উয়েফা বর্ষসেরার নতুন পুরস্কার। এর পর আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্ক রিবেরির পর গতবার এই পুরস্কার জিতেছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে দুবার এই পুরস্কার জিতলেন মেসি। উয়েফার সদস্য ৫৪ দেশের একজন করে সাংবাদিক আজ সরাসরি এই ভোটাভুটিতে অংশ নেন।
পুরস্কার হাতে নিয়ে মেসি অবশ্য চেনা কথাই বলেন, ‘এই পুরস্কার আমার দলের জন্য। দল না থাকলে আমি এই পুরস্কার জিততে পারতাম না।’ ফুটবলারদের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার অবশ্য ফিফা ব্যালন ডি’অর। সেটি ঘোষণা করা হবে আগামী বছরের শুরুতে। তবে গতবার বার্সাকে ঐতিহাসিক ট্রেবল জেতানোমেসি পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরাও হতে যাচ্ছেন, এ ব্যাপারে সংশয় সামান্যই।