মেসি আর মেসি!

তাঁর প্রশংসাসূচক যোগ্যতম শব্দের টানই হয়তো পড়েছে ভান্ডারে। কিন্তু পরশু রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেমন খেললেন, দলকে যেভাবে জেতালেন; প্রশংসা তো মেসির করতেই হবে। বার্সেলোনা ফরোয়ার্ডের প্রশংসায় পরশু নতুনত্ব আনলেন সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।
চ্যাম্পিয়নস লিগ অভিযান শেষ হয়ে গেছে শেষ আটেই। এল ক্লাসিকোতে হারলে শেষ হয়ে যেত লিগ জয়ের আশাটাও। দারুণ দুটি গোল করে আশাটা বাঁচিয়ে রাখলেন মেসি। ইনিয়েস্তার কাছে আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সার জন্য আশীর্বাদ, ‘মেসির অসাধারণত্ব এটাই যে এত বছর পরও তার বিস্ময় উপহার দেওয়া থামছে না। তাকে পাওয়া ক্লাবের জন্য গর্বের। সে আমাদের জন্য আশীর্বাদ।’ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার খেলা দেখে অনেকে বলে উঠেছেন—আহা, এই খেলাটাই জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যদি খেলতে পারত বার্সা! ক্লাসিকো জয়ের উচ্ছ্বাস আর মেসি-বন্দনার ফাঁকে ইনিয়েস্তার মুখে সেই কষ্টটা একটু উঠে এল, ‘আমরা খুব ভালো খেলেছি, জুভেন্টাসের বিপক্ষে হারার পর এটা সহজ ছিল না।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে সবচেয়ে প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেননি মেসি। পিএসজির বিপক্ষে ম্যাচটি মূলত জিতিয়েছেন নেইমার। জুভেন্টাসের বিপক্ষে দুই লেগেই মেসি ছিলেন নিষ্প্রভ। এরপর অনেকেই মেসিকে বিঁধছিলেন সমালোচনার তিরে। মেসি এসবের জবাব দিতে পারায় সবচেয়ে খুশি কোচ লুইস এনরিকে। এ কারণেই হয়তো প্রিয় শিষ্যর প্রশংসা করতে তুলে এনেছেন পুরোনো বিশেষণ, ‘আমি ফুটবল অনেক দেখেছি। আমার কাছে ইতিহাসের সেরা মেসিই। মেসি এমন একজন খেলোয়াড়, যে বাড়িতে বসে রাতের খাবার খেতে খেতেও পার্থক্য গড়ে দিতে পারে। তাকে পেয়ে বার্সার সমর্থকেরা ভাগ্যবান।’ শুধু কি সমর্থকেরাই ধন্য! মেসির সঙ্গে খেলতে পারছেন বলে গর্বিত বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও, ‘দল দারুণ খেলেছে। সবাই অসাধারণ ছিল। বিশ্বের সেরা খেলোয়াড়ও। অভিনন্দন বন্ধু!’ এএফপি, ফোরফোরটু।