মেসি আরও অনেক বছর
গত কিছুদিনে যা হলো, তাতে হীরক রাজার দেশের সেই বিখ্যাত গানটা একটু বদলে ‘কতই রঙ্গ দেখি ন্যু ক্যাম্পে’ গেয়ে ফেলাই যায়। জুবিজারেতাকে ছাঁটাই, পুয়োলের পদত্যাগ, মেসির অনুশীলনে যোগ গরহাজিরা, ইনস্টাগ্রামে চেলসিকে অনুসরণ, কোচের সঙ্গে কথিত দ্বন্দ্ব, পরে আবার এনরিকেকে ছাঁটাইয়ের গুঞ্জন। কত কিছুই না হলো! শেষ পর্যন্ত মেসি সবকিছু উড়িয়ে দিলেন। যাঁরা ভাবছেন, এনরিকে কেন এখনো মুখে কুলুপ এঁটে আছেন তাঁরাও এবার নড়েচড়ে বসতে পারেন। বার্সেলোনা কোচ বলে দিয়েছেন, খুব শিগগির তো মেসি কোথাও যাচ্ছেনই না, বরং আরও অনেক বছর থাকবেন।
এলচের সঙ্গে কালই কোপা ডেল রের ম্যাচ খেলেছে বার্সেলোনা। পরশু সংবাদ সম্মেলনেও উঠে এল মেসি-প্রসঙ্গ। এনরিকেকে বাধ্য হয়েই বলতে হলো, ‘আমরা সবাই আগে বলেছি। সে নিজেও কয়েকবার একই কথা বলেছে, লিও বার্সেলোনায় আরও অনেক বছর থাকবে। আর সব বার্সেলোনা-ভক্ত এটাই চায়।’
দুজনের দ্বন্দ্বের গুঞ্জনটা উড়িয়ে দিয়েছিলেন আগেই। পরশু সেই প্রশ্নটা আবার ওঠায় এনরিকের কণ্ঠে স্পষ্ট বিরক্তি, ‘আমি আসলেই বুঝতে পারছি না, যেটা নিয়ে কোনো আলোচনাই হওয়া উচিত নয় সেটা নিয়ে এখনো কেন এত কথা হচ্ছে!’ এনরিকের দাবি, বার্সার ড্রেসিংরুমে সবাই এককাট্টা, ‘আমরা সবাই ঐক্যবদ্ধই আছি। আমরা সব বিতর্ক এড়িয়ে চলি, আবহটা যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করি।
কীভাবে নিজেদের মান আরও বাড়ানো যায় সেটা নিয়েও আমরা আলোচনা করি, যেকোনো ক্লাবের এমনটা করাই স্বাভাবিক ও যুক্তিযুক্ত।’ এএফপি।