মেসি-ইনিয়েস্তা নয়, বার্সেলোনা
বল পায়ে সাপের মতো এঁকেবেঁকে দৌড়াচ্ছেন একজন। গায়ে বার্সেলোনার জার্সি। নম্বর ১০। লিওনেল মেসিই তো! কিন্তু জার্সি নম্বরের ওপরে নামের জায়গায় লেখা ‘বার্সেলোনা’।
৮ নম্বর জার্সি পরা টেকো মাথার লোকটা দুর্দান্ত থ্রু পাস দিলেন। আন্দ্রেস ইনিয়েস্তা না? কিন্তু তাঁরও জার্সিতে নামের জায়গায় লেখা ‘বার্সেলোনা’। শুধু এই দুজন নয়, কারও জার্সিতেই তাঁর নিজের নাম নেই। সবার জার্সিতে লেখা ‘বার্সেলোনা’।
ন্যু ক্যাম্পে আজকের ম্যাচে এমন দৃশ্যই আপনি দেখবেন। রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মৌসুম শুরু হচ্ছে বার্সেলোনার। কিন্তু গত বৃহস্পতিবার কাতালুনিয়ার লাস রাম্বলাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদ আর হতাহতদের প্রতি সহানুভূতি জানাতেই বার্সেলোনার এই উদ্যোগ। বুঝিয়ে দেওয়া যে গোটা বার্সেলোনাই এখন ঐক্যবদ্ধ এক নগর। বার্সেলোনার জার্সির সামনের দিকে তা লেখাও থাকবে—‘ততস সোম বার্সেলোনা’! কাতালান যে বাক্যাংশটির বাংলা, ‘আমরা সবাই বার্সেলোনা।’
সন্ত্রাসী হামলার প্রভাব স্প্যানিশ লিগে কিছুটা তো পড়েছেই। নিরাপত্তাশঙ্কায় এমনকি লিগ পিছিয়ে দেওয়ার কথাও ভেবেছিল কর্তৃপক্ষ। তবে বাড়তি নিরাপত্তার মধ্যেই শুরু হচ্ছে লিগ। হয়তো এটির দরকারও ছিল। ফুটবল-পাগল দেশটিতে এই সময়ে ফুটবলই হতে পারে শোক ভোলার উপলক্ষ। আজ রাতে স্প্যানিশদের জন্য উপলক্ষটা তাই বড়ই। বার্সেলোনার পাশাপাশি মাঠে নামছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও। বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় ঘরের মাঠে বার্সা খেলবে বেটিসের সঙ্গে, দুই ঘণ্টা পর রিয়ালের মৌসুম শুরু হবে দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে।
মাঠে নামার আগে দুই দল আছে দুই মেরুতে। বার্সেলোনার সমস্যা শুধু বাড়ছেই। নেইমার চলে গেলেন, তাঁর বিকল্প এখনো আনতে পারেনি ক্লাব। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে তারা বিধ্বস্ত। মড়ার উপর খাঁড়ার ঘা—চোটে পড়ায় আজ তো বটেই, মৌসুমের শুরুর দিকের কয়েকটা ম্যাচেই থাকবেন না স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও ডিফেন্ডার জেরার্ড পিকে।
লিগে নিজের ‘অভিষেক’ ম্যাচেই বার্সার নতুন কোচ আর্নেস্তো ভালভার্দেকে দল সাজাতে দুশ্চিন্তা করতে হচ্ছে। তাঁর ভরসা বলতে যে এক লিওনেল মেসিই! কিছুটা ভরসা অবশ্য রেকর্ডও দেবে, লিগে বেটিসের কাছে বার্সার সর্বশেষ হারটা সেই ২০০৮ সালে। দুই দলের সর্বশেষ ১১ ম্যাচে বার্সার জয় ৯টি, ড্র ২টি। অবশ্য দুই দলের শক্তি-ঐতিহ্য দেখলে, তা-ই হওয়ার কথা!
রেকর্ড, ফর্ম, চোট—সব দিক থেকেই এখন উল্টো ফুরফুরে মেজাজে থাকার কথা রিয়াল কোচ জিনেদিন জিদানের। মৌসুমটা রিয়াল শুরু করছে স্পেন, ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাব হিসেবে। আজ মৌসুম শুরুর প্রতিপক্ষ দেপোর্তিভোর বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৯ ম্যাচেই জিতেছে রিয়াল। পাঁচ ম্যাচ নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদোর না থাকাটা অন্য সময়ে হয়তো ভাবাত জিদানকে। কিন্তু সময় পাল্টে গেছে। অ্যাসেনসিও, ইসকো, বেল, বেনজেমারা আছেন না! জিদানের ভাবনা কী? গোলডটকম, এএফপি।