মেসি এখন যা ভাবছেন

বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি!
নাহ, আঁতকে ওঠার কিছু নেই। কোনো ট্যাবলয়েডের কাটতি বাড়ানোর খবর এটি নয়। আর্জেন্টাইন অধিনায়ক আসলে ক্যারিয়ার শেষ বার্সেলোনাতেই করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন। তাহলে কোথায় যাবেন? ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের কোনো ক্লাবে? তেমন কিছুও নয়। কখনো বার্সেলোনা ছাড়লে আর্জেন্টিনায় তাঁর শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফিরে যাবেন।
কথাটা অনেকবারই বলেছেন মেসি। আরবান প্ল্যানেটকে দেওয়া সাক্ষাৎকারে আরও একবার বললেন। ১৩ বছর বয়সে বার্সেলোনায় আসার আগে আর্জেন্টাইন এই ক্লাবটিতেই খেলতেন মেসি। ক্যারিয়ার শেষে সুযোগ পেলে আরও একবার সেখানেই ফিরে যাওয়ার কথা বললেন বার্সা নাম্বার টেন, ‘আর্জেন্টিনায় ফিরে যেতে খুবই ভালো লাগবে আমার। যদি তেমন কিছু হয়, তাহলে যে ক্লাবে আমি খেলব, সেটি হচ্ছে নিওয়েলস ওল্ড বয়েজ।’
২৮ বছর বয়সী ফরোয়ার্ড এখন ক্যারিয়ারের মধ্যগগনে আছেন। বলা হয়, একজন ফুটবলার তাঁর সামর্থ্যের শীর্ষেই পৌঁছায় ২৭-২৮ বছর বয়সে। মেসি তো ক্যারিয়ারের শুরু থেকেই যেন একই রকম জৌলুশ নিয়ে খেলে যাচ্ছেন। যদিও গত কয়েকটি ম্যাচ ধরে একটু অচেনা লাগছে আর্জেন্টাইন অধিনায়ককে। তবে এখনই তাঁর ফুরিয়ে যাওয়ার প্রশ্ন তোলাও অবান্তর। অনেক ফুটবল বিশ্লেষকের ধারণা, মেসি আরও কয়েক বছর কাতালান ক্লাবটিতে খেলে আর্জেন্টিনায় যাওয়ার কথা ভাববেন। বার্সা ফরোয়ার্ড নিজেও সেটি বেশ কয়েকবার বলেছেন।
স্বদেশ প্রত্যাবর্তনের কোনো সময়সীমা অবশ্য বেঁধে দিচ্ছেন না, ‘আগেও বলেছি, আমি জানি না এটা (আর্জেন্টিনায় ফেরা) কখন হবে। আদৌ হবে কি না, তা-ও জানি না। এখন, এই সময়ে বসে যদি আমি ভাবি, তাহলে সেটা কয়েক বছর পরই হবে।’
আর্জেন্টিনার স্টেডিয়ামে, নিজ দর্শকদের সামনে খেলার স্বপ্নে কতটা বিভোর হয়ে আছেন, সেটিও জানালেন মেসি, ‘সত্যি বলতে কাল কী হবে, সেটি তো আর বলতে পারছি না। তাই ফিরবই, এমন প্রতিশ্রুতি আমি দিতে পারি না। কারণ, সেটি বললে নিজের সঙ্গে অসততা করা হবে। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আর্জেন্টাইন লিগে, নিওয়েলসের হয়ে খেলার ইচ্ছে আছে আমার।’
আর্জেন্টিনায় ফিরবেন কি ফিরবেন না, সেটি সময়ের হাতে ছেড়ে দিয়েছেন মেসি। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখনো বড় সাফল্যের মুখ দেখারও যে বাকি! টানা দুটি বড় টুর্নামেন্টের ফাইনালে গিয়ে হেরে গিয়েছিলেন। এ নিয়ে অনেক সমালোচনাও শুনতে হয়েছে। তবু জাতীয় দলের হয়ে সাফল্যের ক্ষুধা এখনো একটুও কমেনি বার্সা তারকার। সাক্ষাৎকারে সেটি নিয়েও কথা বললেন, ‘আমার লক্ষ্য সম্ভাব্য সবকিছুই জেতা। সেটি বার্সেলোনার হয়ে যেমন, আর্জেন্টিনার হয়েও তেমনি। সামনের কোপা আমেরিকা আমাদের জন্য আরও একটি ভালো সুযোগ। টানা দুটি ফাইনালে উঠে হেরেছি আমরা, এখন আরও একটি সুযোগ আসছে কিছু জেতার। আমরা সবটুকু দিয়েই চেষ্টা করব। এটা শুধু আমার নয়, পুরো দলের স্বপ্ন। যে স্বপ্ন অর্জনের জন্য বিশ্বকাপের (২০১৪) আগ থেকেই চেষ্টা করে যাচ্ছি।
মেসির ক্যারিয়ারে পূর্ণতা পেতে এই একটা চেষ্টাতে সফলতা আসতে যে এখনো বাকি।