মেসি এবার রুপালি পর্দায়

ছোট্ট শিশুটিকে এক নারী বলছেন, ‘শোনো, তুমি হতে যাচ্ছ বিশ্বের সেরা খেলোয়াড়।’ শিশুটি এ কথা কতটুকু অনুধাবন করতে পেরেছিল, জানার উপায় নেই। সেই নারীর হাত ধরে শিশুটি মাঠে আসত। কৌতূহল নিয়ে শিশুটি জিজ্ঞেস করত, ‘দাদিমা আমি কি খেলতে পারব?’
পেরেছে, শিশুটি পেরেছে। একসময় পরিণত হয়েছে মহাতারকায়। লিওনেল মেসির আজকের ‘মেসি’ হয়ে ওঠার পেছনে শুরুতে যাঁর ভূমিকা সবচেয়ে বেশি, তিনি ওই নারী—মেসির দাদিমা৷ নাতিকে নিয়ে তিনিই মাঠে যেতেন। মেসির বড় হয়ে ওঠার এ গল্প আমরা শুনেছি অনেকভাবেই। এবার এ গল্প দেখা যাবে রুপালি পর্দায়। মেসিকে নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র। হোর্হে ভালদানোর চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন স্প্যানিশ পরিচালক অ্যালেক্স ডি লা ইগলেসিয়া। চলচ্চিত্রটি মুক্তি পাবে নতুন বছরের প্রথম দিনে।
ছবিতে পরিচালক মূলত মেসির শৈশব ও কৈশোরকেই বেশি গুরুত্ব দিয়েছেন। লা মাসিয়ার দিনগুলো, বার্সার যুবদল হয়ে মূল দলে সুযোগ পাওয়া—পুরো গল্পই খণ্ড খণ্ড চিত্রে উপস্থাপন করা হয়েছে এ আত্মজীবনীমূলক চলচ্চিত্রে। আর্জেন্টিনার জার্সিতে মেসি—সেটিও আছে ছবির বেশ কিছু অংশজুড়ে।
ছবিতে মেসিকে নিয়ে বলতে হাজির হয়েছেন ইয়োহান ক্রুইফ, সিজারে লুই মেনত্তি, ভালদানো, আলেসান্দ্রো সাবেলার মতো ফুটবলবোদ্ধারা। ছবিতে অংশ নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে ও হাভিয়ের মাচেরানোর মতো বর্তমান সময়ের বার্সা তারকারাও। এটি নির্মাণ করা হয়েছে মূলত মেসির পুরোনো ফুটেজ, সাক্ষাৎকার, অপ্রকাশিত পারিবারিক কিছু রেকর্ডের ওপর ভিত্তি করে।
ছবিটিতে দেখা যায়, কিশোর মেসিকে জিজ্ঞেস করা হচ্ছে, ‘তোমার স্বপ্ন কী?’ সোজাসাপ্টা উত্তর, ‘আর্জেন্টিনার হয়ে খেলা।’ অথচ জাতীয় দলের জার্সিতে নিষ্প্রভ থাকায় শুনতে হয়েছে প্রচুর সমালোচনা। একপর্যায়ে অভিমানে জাতীয় দল ছাড়ার চিন্তাও নাকি করেছিলেন মেসি—এমন তথ্যও মিলবে ছবিতে! এফসিবার্সেলোনাডটকম, গোলডটকম।