মেসি ও রোনালদোকে মিলিয়েই ফুটবলার বোল্ট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের দারুণ ভক্ত উসাইন বোল্ট। অলিম্পিক স্প্রিন্টে নয়টি সোনার পদক জয়ী এই অ্যাথলেট অনেকবারই বলেছেন, অ্যাথলেটিকস থেকে অবসর নিয়ে তিনি ফুটবল খেলা শুরু করবেন। তো ফুটবলটা কেমন খেলেন বোল্ট? আর্জেন্টাইন সাময়িকী ভিভা তাঁর কাছ থেকে এটিই জানতে চাইলে বোল্ট সোজাসাপটা বলেছেন, ‘আমি ফুটবলার হিসেবে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মিশ্রণ!’ বোল্ট উল্টো ভিভাকেই স্মরণ করিয়ে দিয়েছেন, ‘একবার ভেবে দেখুন তো, মেসি আর রোনালদোর প্রতিভার সঙ্গে যদি স্প্রিন্টার হিসেবে আমার গতিটা চলে আসে, তাহলে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারি আমি!’
এর আগে অনেকবারই নিজের প্রিয় ফুটবল ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলেছেন। মেসি-রোনালদোর প্রতিভার সঙ্গে স্প্রিন্টারের গতি! হোসে মরিনহো খুব সম্ভবত এমন ফুটবলারেরই অপেক্ষায় আছেন! এএফপি।