মেসি কাল নামবেন তো?

সতীর্থরা যখন অনুশীলন করছেন, লিওনেল মেসি তখন নিভৃতে হালকা জগিংয়ে মগ্ন। ফিজিওর সঙ্গে একটু থেমে কিছু একটা শুনে নিলেন। কিন্তু আর্জেন্টিনার অনুশীলনে মেসি একা কেন? সে জন্যই প্রশ্নটা আরও বেশি করে উঠে যাচ্ছে, কাল চিলির সঙ্গে ম্যাচে শুরু থেকে নামবেন তো?
সমস্যাটা হয়েছিল গত সপ্তাহেই। হন্ডুরাসের সঙ্গে ম্যাচে এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন পিঠে। মাঠ থেকেই এর পরপরই উঠে যেতে হয়েছিল। এরপর কর ফাঁকিসংক্রান্ত মামলায় বার্সেলোনায় দৌড়, আদালতে হাজির দেওয়া, সেখান থেকে আবার উড়ে ক্যালিফোর্নিয়ায় আসা—মৌসুম শেষের ক্লান্তি মুছে মাঠে নামবেন কী, উল্টো ধকল আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রে ফিরেই কোপা আমেরিকার দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিশ্রাম নেওয়ার সুযোগ আর পেলেন কই!
কাল নামতে পারবেন কি না, সেটা নিয়ে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোও পুরোপুরি নিশ্চয়তা দিতে পারলেন না, ‘আমরা আশা করছি, ওকে আমরা শুরু থেকেই পাব। কিন্তু ও খেলবে কি না, সেটা শেষ মুহূর্তে ঠিক করা হবে।’ তবে মেসির বড় কিছু হয়নি, সেটাই অনেকটা স্বস্তি দিচ্ছে মার্টিনোকে, ‘ও এই কোপা খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। যত দূর ওকে দেখেছি, আমি তেমন একটা উদ্বিগ্ন নই।’
মিডফিল্ডার অগাস্টিন ফার্নান্দেজও মেসির সম্ভাব্য অনুপস্থিতির আগে দলকে উদ্দীপ্ত করতে চাইলেন, ‘মেসি না খেললে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। সে বিশ্বের সেরা খেলোয়াড়, আমরা সবাই ওকে চাই। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক, সেটা ওর স্বাস্থ্যের কথা ভেবেই নেওয়া হবে। ওকে তো আমাদের খুব করেই দরকার।’
শুধু মেসি নন, একা অনুশীলন করেছেন মিডফিল্ডার লুকাস বিলিয়াও। পেশির একটা চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি বিলিয়া, গত সপ্তাহে দল থেকে বাদ দেওয়ার একটা গুঞ্জনও উঠেছিল। কিন্তু কাল তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। সুযোগ পেতে পারেন ফার্নান্দেজ। আর্জেন্টিনা প্রথম ম্যাচেই চিলির মুখোমুখি, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বলে কাজটা তো কঠিনই। সূত্র: এএফপি।