মেসি খুশি তো বার্সাও খুশি

সেভিয়ার বিপক্ষে পরশু রাতটা ছিল লিওনেল মেসির সব পাওয়ার রাত। ন্যু ক্যাম্পে সেদিন ভাঙলেন তেলমো জারার ছয় দশকের পুরোনো রেকর্ড, করলেন হ্যাটট্রিক, জিতল দল। স্বাভাবিকভাবেই মেসির মুখে হাসির ফোয়ারা! সঙ্গে বার্সেলোনারাও কি নয়? বার্সা অধিনায়ক জাভি হার্নান্দেজ বললেন, মেসির মুখে হাসি ফুটলে বার্সা-শিবিরে বয়ে যায় আনন্দের হিল্লোল!
জাভি বোধ হয় ভুল বলেননি। মেসি জ্বলে উঠলে বার্সাকে রুখে—সাধ্য কার? সেভিয়ার বিপক্ষে ম্যাচটির আগে লা লিগায় টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ ছিলেন মেসি। মেসির গোলশূন্য থাকা এ তিন ম্যাচের দুটিতেই হেরেছে বার্সা। সেভিয়ার বিপক্ষে খোলস থেকে বেরোলেন মেসি, বার্সাও জিতল বড় ব্যবধানে।
জাভি তাই বললেন, ‘সবকিছু মিলিয়েই আমরা খুশি। লিওর (মেসি) জন্য এটি এক অবিশ্বাস্য, ঐতিহাসিক রেকর্ড। একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে এটা তার পাওনা।’ এরপরই বার্সা মিডফিল্ডারের মন্তব্য, ‘লিও এখানে সুখী, সেটা আবারও দেখলাম। মেসি খুশি থাকলে বার্সাও খুশি।’
কদিন আগে আর্জেন্টিনার দৈনিক ওলেতে দেওয়া সাক্ষাৎকারে মেসি ইঙ্গিত দিয়েছিলেন, বার্সা ছাড়তেও পারেন। এরপর থেকে গুঞ্জন, তবে কি কাতালান জায়ান্টদের ঘরে সুখে নেই আর্জেন্টিনার অধিনায়ক? মেসি সব আলোচনা-সমালোচনার জবাব দিলেন সেভিয়ার বিপক্ষেই। সূত্র: এএফসিবার্সেলোনাডটকম।