মেসি খেলছেন নতুন চুক্তিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শুরুর শঙ্কা উড়িয়ে দিয়ে দল ভালো খেলছে, এটা বার্সেলোনার জন্য স্বস্তির। সমান্তরালে একটা অস্বস্তিও আছে। হচ্ছে হচ্ছে করেও এখনো আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসির চুক্তি নবায়ন হয়নি! তবে বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর অবাক করা দাবি, মেসি নাকি নতুন চুক্তির অধীনেই খেলছেন!

অবাক করা দাবি, কারণ, মেসির চুক্তি নবায়ন হলে বার্সেলোনার সেটি সাড়ম্বরেই প্রচার করার কথা। সেটি তাহলে হলো না কেন? গত জুলাইয়েই কাতালান ক্লাবটি বলেছিল, ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন নিয়ে মেসির সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। শুধু সইটাই বাকি। সেই ‘বাকি’ কাজটাই গত দুই মাসে হয়নি! মেসির বর্তমান চুক্তি শেষ আগামী জুনে, নিয়ম অনুযায়ী আগামী জানুয়ারি থেকেই চাইলে অন্য যেকোনো ক্লাবের সঙ্গে আগাম চুক্তিও করতে পারবেন।

বার্সেলোনা বোর্ডের জন্য এটি ‘অবশ্যপালনীয় কর্তব্য’ হয়ে দাঁড়িয়েছে। নেইমারের পিএসজিতে যাওয়া ও ক্লাবের প্রশাসনিক অব্যবস্থাপনায় এমনিতেই বোর্ডের ওপর ক্লাবের সদস্যরা ক্ষুব্ধ। বার্তোমেউর পদত্যাগ চেয়ে প্রচারণাও চলছে। মেসির চুক্তি নবায়ন না হলে সেটি আরও বড় ‘আপদ’। এসবের মধ্যেই পরশু বার্তোমেউর ওই দাবি, ‘মেসির চুক্তি সই করার ছবি দ্রুতই তুলব আমরা। আশা করি, বছর শেষ হওয়ার আগেই। তবে চুক্তিপত্রে ওর বাবা এরই মধ্যে সই করেছেন, যিনি মেসির ইমেজ স্বত্ব দেখেন। চুক্তি ২০২১ পর্যন্ত, আর ও এখন এই নতুন চুক্তির অধীনেই খেলছে।’

মেসি ছাড়াও আন্দ্রেস ইনিয়েস্তার চুক্তি নবায়নও এখনো ঝুলে আছে। স্প্যানিশ মিডফিল্ড ‘মায়েস্ত্রো’র চুক্তিও আগামী জুনে শেষ। কদিন আগে বার্তোমেউ ‘চুক্তি নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে’ দাবি করলেও ইনিয়েস্তা বলেছিলেন, তেমন কিছুই হয়নি। তবে বার্তোমেউ আবারও দাবি করলেন, চুক্তি হচ্ছে, ‘ইনিয়েস্তা বলেই ওর চুক্তিটা বিশেষ হবে। গোপনীয়তার স্বার্থে চুক্তিতে কী আছে তা বলতে পারছি না। কিন্তু র‍্যামন সোস্ত্রেসের (ইনিয়েস্তার প্রতিনিধি) সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছে।’ ফোরফোরটু।