মেসি খেলবেন কি না - সিদ্ধান্ত ম্যাচের আগে

লিওনেল মেসি কী খেলবেন? খেললেও তা কী ম্যাচের শুরু থেকেই? আজ বার্নাব্যুর এল ক্লাসিকো ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এটিই। তবে দুর্ভাগ্যবশত, এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাচ্ছে না। মেসির বিষয়ে ম্যাচের ঠিক আগেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
শুক্রবার সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, ‘মেসি খেলবে কিনা, এটাই তো প্রশ্ন! অবশ্যই আমি চাইব ও খেলুক। সুসংবাদ হচ্ছে ও ফিট হয়ে উঠছে। মেসি শুরু থেকেই খেলবে কি না এই সিদ্ধান্ত কখন নেব? আমি ওর সঙ্গে কাল (আজ) কথা বলব। সিদ্ধান্তটা ম্যাচের এক ঘণ্টা হয়তো নিতে পারব।
ম্যাচের আগে সিদ্ধান্তটা এনরিকে নেবেন ঠিকই। তবে সেটি মেসি কেমন বোধ করছেন তার ওপরই নির্ভর করবে বলে জানিয়ে দিলেন বার্সা কোচ, ‘ও মাত্রই চোট থেকে ফিরে এসেছে। আমরা জানি ও শতভাগ ফিট থাকবে না। পুরো বিষয়টাই নির্ভর করছে ও ম্যাচের আগে কেমন আছে, তার ওপর। একমাত্র একজন খেলোয়াড়ই ম্যাচের আগে বুঝতে পারে, সে খেলার মতো ফিট আছে কিনা!’
গত ২৬ সেপ্টেম্বর লিগে লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। দুই মাস পর এখন মাঠে ফেরার প্রতীক্ষায় বার্সেলোনা তারকা। তবে তাঁর অনুপস্থিতির সময়ে বার্সার আক্রমণভাগের পুরো দায়িত্বটাই নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন নেইমার ও সুয়ারেজ। মেসিহীন বার্সার ৯ ম্যাচে দুজনই করেছেন ১০ টি করে গোল, দুজন মিলে গোল করিয়েছেন আরও ১০টি।
একটা জল্পনা-কল্পনা উঠেছে, দলের ‘সেরা’ মেসি ফিরলে আবার হয়তো ‘পুরোনো’ রূপে ফিরে যেতে হবে নেইমার-সুয়ারেজকে। মেসিকে জায়গা করে দিতে নিজেদের খেলায় একটু হয়তো ‘আত্মোৎসর্গ’ করতে হতে পারে এ দুজনকে। কোচ এনরিকে অবশ্য তা মনে করছেন না। যেকোনো পরিস্থিতিতেই খেলোয়াড়দের কাছে সব সময়ই সেরাটা চান তিনি, ‘ওদেরকে আগে যেমন বাড়তি দায়িত্ব নিয়ে সামনে আসতে বলিনি, এখন তেমনি পিছিয়ে যেতেও বলছি না। লিওর মতো একজনকে পাওয়া অনেক দিকেই সুবিধা করে দেবে। তবে ওকে ছাড়াও আমরা ভালো করেছি। আর এখন যেহেতু চোট কাটিয়ে খেলোয়াড়েরা ফিরে আসছে, এর সুবিধাটা আমাদের তুলে নিতে হবে।’
এনরিকের জন্য আরও সুসংবাদ, মেসির মতো চোট কাটিয়ে ফিরছেন ইভান রাকিতিচও। তবে এই ক্রোয়াট মিডফিল্ডারের ব্যাপারে মেসির মতোই ম্যাচের আগ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বার্সা কোচ। সূত্র: ইএসপিএন।