মেসি গোল উদ্যাপন করেননি কারণ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়সূচক গোল করেও তা উদ্‌যাপন করলেন না মেসি। ছবি: রয়টার্স।
জয়সূচক গোল করেও তা উদ্‌যাপন করলেন না মেসি। ছবি: রয়টার্স।

লেগানেসের বিপক্ষে শেষ মিনিটে গোল করে বার্সেলোনাকে জেতালেন ​লিওনেল মেসি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ড্র করতে করতে বেঁচে যাওয়ার আনন্দটা তিনি কেন যেন উদ্‌যাপন করলেন না। তাঁর নির্লিপ্ত ভঙ্গিই বলে দিচ্ছিল কিছু একটা হয়েছে। নেপথ্য কারণটা নিয়ে নানা মুনির নানা মত থাকলেও আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা জানিয়েছেন আসল কারণটা। তাঁর মতে, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বড় হারের পর গোটা দলসহ তাঁকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তারই নীরব প্রতিবাদ লেগানেসের বিপক্ষে গোলের পর মেসির নির্লিপ্ত আচরণ।
অল্পদিন আগেই মেসিদের কোচ হয়েছেন বাউজা। এই কদিনে মেসিদের কিছুটা হলেও পড়তে শিখেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর ধারণা করছেন লেগানেসের বিপক্ষে মেসির গোল উদ্‌যাপন না করার কারণ।
গত রোববার স্প্যানিশ লিগে লেগানেসের কাছে পয়েন্ট হারানোর প্রান্তে চলে গিয়েছিল বার্সা। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দেন মেসি। তবে গোলটি করার পর কোনো উচ্ছ্বাসই দেখাননি আর্জেন্টিনার ফরোয়ার্ড। ঠায় দাঁড়িয়ে ছিলেন! কোচ লুইস এনরিকে আর ডিফেন্ডার জেরার্ড পিকেও একই কাজ করেছেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠলে তা এড়িয়ে যান এনরিকে।
মেসির সঙ্গে এ নিয়ে কথা হয়নি বাউজার। পুরো ব্যাপারটিই তাঁর ধারণা। তবে এই ধারণা মেসির শরীরী ভাষা লক্ষ করেই, ‘আমার মনে হয় পিএসজি ম্যাচের পর যে সমালোচনা হয়েছে এর জবাব দিয়েছে মেসি। আমি লক্ষ করেছি, গোলগুলো করার পর ও খুব রেগে ছিল।’ ফোরফোর টু।