মেসি চলে গেলে মন খারাপ হবে রিয়ালের সাবেক সভাপতির

মেসির চলে যাওয়ার ঘোষণার পর ক্লাব সভাপতি বার্তোমেউর বিরুদ্ধে ন্যু ক্যাম্পে চলছে বার্সা সমর্থকদের আন্দোলন।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুশিবিরের সবচেয়ে ভয়ংকর অস্ত্রটা বিদায় নিচ্ছে, রিয়াল মাদ্রিদের সমর্থকদের এখন ঘন ঘন অট্টহাসিতে ফেটা পড়ার সময়! অথচ রিয়ালের সাবেক সভাপতি র‌্যামন কালদেরনের কি না মন খারাপ হচ্ছে লিওনেল মেসির চলে যাওয়ায়!

গত দুই দশকে মেসি শুধু বার্সেলোনার অমূল্য সম্পদ ছিলেন না, তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলের বড় দূতও। একটা দেশের ঘরোয়া ফুটবল জনপ্রিয় হয়, বিশ্ব ফুটবলে গুরুত্বপূর্ণ হয় মেসিদের মতো মহাতারকাদের উপস্থিতিতেই। মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে গত দশকে রিয়ালে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির সতীর্থ হয়ে এসেছিলেন নেইমার। এত বড় তারকাদের উপস্থিতিতে লা লিগা, কোপা দেল রের ঔজ্জ্বল্য আর গুরুত্ব যেমন বেড়েছে, একে একে তাঁদের স্পেন ছাড়ায় ঠিক উল্টো প্রভাবও পড়তে বাধ্য। ২০১৭ সালে চলে গেছেন নেইমার, পরের বছর রোনালদো। এবার তাঁদের পদাঙ্ক অনুসরণ করছেন মেসিও।

র‍্যামন কালদেরন।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

ঠিক এ কারণেই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টির চলে যাওয়ায় মনে খারাপ হচ্ছে কালদেরনের। রিয়ালের সাবেক সভাপতি বলছেন, ‘লা লিগার ভাবমূর্তি, মান, গুরুত্বের দিকে এটা সত্যি ক্ষতির (মেসি যদি চলে যায়)। সত্যি আমরা ভাগ্যবান যে ক্রিস্টিয়ানো রোনালদো আর মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় পেয়েছি, যারা গত এক দশক আমাদের লিগে খেলেছে। তাদের আর এখানে পাব না। এটা সত্যি আমাদের লিগ আর সমর্থকদের জন্য খুব ক্ষতি হলো।’

কিন্তু কেন বার্সার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত মেসির? অনেক কিছুই জানা গেছে এই দুই দিনে। কালদেরনও মনে করেন বার্সার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আর্জেন্টাইন মহাতারকাকে বাধ্য করেছে এই কঠিন সিদ্ধান্ত নিতে, ‘সাম্প্রতিক ঘটনাগুলো মেসিকে নিশ্চিত হতাশ করেছে। এটা তার জন্য অদ্ভতুড়ে সময়। কারণ, সে একজন বিজয়ী। বায়ার্নের কাছে হারটা (৮-২ গোলে) তাকে অনেক কষ্ট দিয়েছে নিশ্চিত। এটিই মেসিকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে বাধ্য করেছে। কারণ, দুই বছর পর আরেকটা বিশ্বকাপ। আমার মনে হয় সে ওই বিশ্বকাপটা খেলতে চায় এবং জিততে চায়।’

মেসির সিদ্ধান্তে অবাকই হয়েছেন কালদেরন। সাবেক রিয়াল সভাপতি প্রতিদ্বন্দ্বিতার খোলস খুলে বলছেন, ‘সে সম্ভবত ভেবেছে ভবিষ্যতের লক্ষ্য পূরণে বার্সা আর তার জন্য সেরা জায়গা নয়। সেটি ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। এটা দেখে কিছুটা খারাপই লেগেছে। ভেবেছিলাম ও হয়তো বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবে। তবে মনে হচ্ছে সর্বশেষ ঘটনা ওকে প্রভাবিত করেছে ক্লাব ছাড়তে।’