মেসি ছাড়া বাকি আর্জেন্টাইনদের বিদায় করে দিচ্ছে পিএসজি?

পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে কাতারি মালিকানায় যাওয়ার পর থেকে সেরা তারকাদের দলে টানার জন্য অর্থ খরচে কখনো কার্পণ্য করেনি পিএসজি। আর নতুন দিনের পিএসজি গড়ার জন্য সব সময়ই আর্জেন্টাইন তারকাদের ওপর ভরসা করেছে দলটি।

মালিকানা বদলের পর প্রথম দলবদলের বাজারেই যেমন সবচেয়ে বেশি খরচ করে আর্জেন্টিনার হাভিয়ের পাস্তোরেকেই দলে এনেছিল পিএসজি। এরপর এজেকিয়েল লাভেজ্জি থেকে শুরু করে আনহেল দি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, মাউরো ইকার্দিা—প্রায় প্রতি মৌসুমেই কোনো না কোনো আর্জেন্টাইন তারকাকে খেলিয়েছে পিএসজি। যাদের পথ ধরে এ মৌসুমের শুরুতে প্যারিসের ক্লাবটায় এসেছেন লিওনেল মেসি। কিন্তু ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবর মানলে, সে যুগ শিগগিরই শেষ হতে চলেছে। এক লিওনেল মেসি ছাড়া দলে থাকা সব আর্জেন্টাইনকে বিদায় করে দিতে চাইছে দলটা। অর্থাৎ, দি মারিয়া থেকে শুরু করে ইকার্দি, পারেদেস—পিএসজিতে থাকা বাকি সব আর্জেন্টাইন তারকাই ক্লাব ছাড়ছেন।

পিএসজির অনেক জয়ের নায়ক আনহেল দি মারিয়া। কিন্তু পিএসজি তাঁকে রাখবে তো?
ফাইল ছবি

লিগ প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থায় থাকলেও চ্যাম্পিয়নস লিগে আরও একবার হৃদয় ভেঙেছে ক্লাবটার। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে। তাই এখন থেকেই আগামী মৌসুমের জন্য পরিকল্পনা করা শুরু করে দিয়েছে ক্লাবটি, এমনটাই জানিয়েছে লেকিপ। যে পরিকল্পনায় এক মেসি ছাড়া কোনো আর্জেন্টাইন খেলোয়াড়ের ঠাঁই নেই। লেকিপ সংবাদটার শিরোনামও দিয়েছে যথাযথ, ‘পিএসজিতে আর্জেন্টাইন–যুগের সমাপ্তি।’

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দেওয়া দি মারিয়ার সঙ্গে এ মৌসুমের পরই চুক্তি শেষ হতে চলেছে পিএসজির। পিএসজির ব্রাজিলিয়ান ক্রীড়া পরিচালক লিওনার্দো নাকি দি মারিয়ার চুক্তি বাড়াতে চাইছেন না একদম। দি মারিয়াও অবস্থা বুঝে নতুন ক্লাব খোঁজা শুরু করে দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সামনে যেহেতু কাতার বিশ্বকাপ, এমন অবস্থায় ইউরোপের বাইরে যেতে চাইছেন না দি মারিয়া। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির নজরে থাকার জন্য ইউরোপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো লিগেই খেলতে চান গত কোপা আমেরিকার ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো এ উইঙ্গার।

আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ও মাউরো ইকার্দি। সতীর্থ তারা পিএসজিতে, কিন্তু ইকার্দিকে আর নাও রাখতে পারে প্যারিসের দলটি
ফাইল ছবি

ওদিকে সেন্ট্রাল মিডফিল্ডার পারেদেসের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে ২০২৩ সালের জুনে। হিসাব অনুযায়ী, আরও এক বছর চুক্তির মেয়াদ থাকলেও এএস রোমার সাবেক এ মিডফিল্ডারকে এখনোই বিক্রি করে দিতে চাইছে পিএসজি। ওদিকে ইকার্দিরও একই অবস্থা। ইন্টার মিলানের সাবেক এ স্ট্রাইকারের সঙ্গে পিএসজির চুক্তি ২০২৪ সালে শেষ হলেও পিএসজি দলে রাখতে চাইছে না।

বাকি আর্জেন্টাইনদের বিক্রি করে দিতে চাইলেও মেসির ব্যাপারে এমন কোনো পরিকল্পনা নেই দলটার। ২০২৩ সালে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে যাওয়া সাবেক এ বার্সেলোনা তারকাকে ছাড়তে চাইছে না পিএসজি।