মেসি ছাড়াও বার্সার গোল উৎসব

ম্যাচের আগে একটাই আলোচনা, লিওনেল মেসি নেই, বার্সেলোনা পারবে তো জয় তুলে নিতে? নাকি স্পোর্টিং গিজনের মাঠে হোঁচট খাবে?
এ যদি হয় শঙ্কা, তার উল্টো পিঠে আশার আলো হয়ে ছিলেন নেইমার, সুয়ারেজ। মেসি নেই, তো কী! এ দুজন তো আছেন। দুজনেই জ্বলে উঠলেন, গোল উৎসব করল বার্সাও। স্পোর্টিংকে হারিয়েছে ৫-০ গোলে!
খেলার শুরুতে অবশ্য অনেকটা সময় পর্যন্ত বার্সাকে চাপে রেখেছিল স্পোর্টিং। বিশেষ করে প্রথম ২০ মিনিট তো মনে হচ্ছিল, ম্যাচের আগের শঙ্কাটাই সত্যি। গত মৌসুমেও মেসি চোটে পড়ার পর লিগে প্রথম ম্যাচেই সেভিয়ার কাছে হেরেছিল বার্সা। এবারও লুইস এনরিকের দলের তেমন দুঃস্বপ্নের মধ্য দিয়ে যেতে হয় কি না, এমন আশঙ্কাও করছিলেন কেউ কেউ।
কিন্তু শঙ্কার মেঘ ঢাকা মুখগুলোতে সূর্যের হাসি এনে দিলেন লুইস সুয়ারেজ, ম্যাচের ২৯ মিনিটে। বার্সার ফরোয়ার্ডদের অফসাইডের ফাঁদে ফেলতে চেয়েছিল স্পোর্টিং, কিন্তু সুয়ারেজ ফাঁদে ধরা দিলে তো! আরদা তুরানের পাস ধরে গোলকিপারকে কাটিয়ে গিয়ে প্রথম গোল এনে দিলেন বার্সাকে। তা-ও জয় নিয়ে যদি কিছু শঙ্কা থেকে থাকে বার্সার, তিন মিনিট পরই সেটি মুছে দিলেন রাফিনহা। ডান দিক থেকে সার্জি রবার্তোর ক্রসে লাফিয়ে হেড করলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
প্রথমার্ধেই দুই গোল পেয়ে যাওয়ার দ্বিতীয়ার্ধটা অনেক নিশ্চিন্তে শুরু করে বার্সা। যদিও গোল আসছিল না, তবে এক মুহূর্তের জন্যও মনে হয়নি স্পোর্টিং কোনো ভয় ধরাতে পারবে। কাজটা এনরিকের দলের জন্য আরও সহজ হয়ে ৭৪ মিনিটে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্পোর্টিংয়ের আলবার্তো রামোস। ১০ জনের দলটিকে নিয়ে শেষ দশ মিনিটে যেন ছেলেখেলা করল বার্সা।
শুরুটা করলেন নেইমার। মেসির অনুপস্থিতিতে দলকে টেনে নেওয়ার মূল দায়িত্বটা তাঁর কাঁধেই। প্রথম ম্যাচে অন্তত সেটি ভালোভাবেই করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ দশ মিনিটে গোল করেছেন দুটি, এই সময়ে বার্সার অন্য গোলটি আরদা তুরানের।
দানি আলভেজকে মনে করিয়ে দিয়ে পুরো ম্যাচে ডান প্রান্ত ধরে উঠানামা করেছেন মিডফিল্ডার থেকে রাইট ব্যাক হয়ে যাওয়া সার্জি রবার্তো। তাঁরই ক্রস ধরে পাকো আলক্যাসারের শট লাগল বারে, ফিরে আসা বলটিকে জালে পাঠিয়ে দেন নেইমার। চার মিনিট পর উৎসবে যোগ দিলেন আরদা তুরান। ক্রস কে দিলেন? সার্জি রবার্তো! চার মিনিট পর ডেনিস সুয়ারেজের পাস ধরে বার্সার পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার।