মেসি ছুঁলেন সালাহকে, বার্সা সোসিয়েদাদকে

• লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার যুগ্ম রেকর্ড গড়ল বার্সেলোনা।
• এর আগে রেকর্ডটি একক দখলে রেখেছিল রিয়াল সোসিয়েদাদ।
• লেগানেসের জালে হ্যাটট্রিক করে সালাহকে ছুঁয়েছেন মেসি।
• এ মৌসুমে নিজ নিজ লিগে দুজনের গোলসংখ্যাই সমান—২৯।
• ফ্রি কিক থেকে গোল করে রোনালদিনহোর একটি কীর্তিও ছুঁয়েছেন মেসি।
লিগ শিরোপার সুবাস পাচ্ছে বার্সেলোনা। নাকে-মুখে সেই সুবাস মেখেই আজ ‘মাদ্রিদ ডার্বি’ দেখতে বসবেন লিওনেল মেসিরা। লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার গৌরবও এখন মেসিদের, মানে বার্সার দখলে। তবে রেকর্ডটির একক দখলদারত্ব পেতে আর্নেস্তো ভালভার্দের দলকে ১৪ এপ্রিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে থাকতে হবে অপরাজেয়।
১৯৭৮-৭৯ এবং ১৯৭৯-৮০ মৌসুম মিলিয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল সোসিয়েদাদ। কাল রাতে লেগানেসকে ৩-১ গোলে হারিয়ে সোসিয়েদাদের সেই রেকর্ডেই ভাগ বসালেন ভালভার্দের শিষ্যরা। লিগে তাঁরা সর্বশেষ হেরেছিল গত বছরের এপ্রিলে মালাগার বিপক্ষে। এই ৩৮ ম্যাচ অপরাজিত থাকার দৌড়ে প্রথম ৭ ম্যাচে বার্সার কোচ ছিলেন লুইস এনরিকে, পরের ৩১ ম্যাচে ভালভার্দে।
তবে লিগে এই টানা অপরাজিত থাকার যুগ্ম রেকর্ডে ম্যাচ জয়ের হিসাবে কিন্তু বার্সাই এগিয়ে। ৩৮ ম্যাচ অপরাজিত থাকার সেই দৌড়ে ২২ জয়ের সঙ্গে ১৬ ম্যাচ ড্র করেছিল সোসিয়েদাদ। বার্সা সেই একই পথে হেঁটে ৭ ম্যাচ ড্রয়ের সঙ্গে তুলে নিয়েছে ৩১ জয়। গোলসংখ্যায়ও স্ট্রাসটুগেই ও লোপেজ উফার্তেদের সেই সোসিয়েদাদকে (৬১ গোল) অনেক আগেই পেছনে ফেলেছেন মেসি-সুয়ারেজরা (১০৭ গোল)।
তাহলে বলুন তো বার্সার এই অপরাজিত থাকার দৌড়ে কার গোলসংখ্যা সবচেয়ে বেশি? ঠিকই ধরেছেন। লিওনেল মেসি! ৩৯ গোল। ২৭ গোল নিয়ে তাঁর পেছনে লুই সুয়ারেজ। লেগানেসের জালে কাল হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেললেন লিভারপুলের ‘মিসরের মেসি’কে!
তিনি মোহাম্মদ সালাহ। সংবাদমাধ্যম থেকে ভক্তরা তাঁকে আদর করে ডেকে থাকেন ‘দ্য ফারাও’, ‘মিসরের মেসি’ কিংবা ‘মিসরের রাজা’। শেষ তকমাটা লিভারপুল সমর্থকদের দেওয়া। ইউরোপিয়ান গোল্ডেন সু জয়ের দৌড়ে কাল রাতের আগ পর্যন্তও সবার থেকে এগিয়ে ছিলেন সালাহ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর গোলসংখ্যা এ পর্যন্ত সর্বোচ্চ ২৯। কিন্তু লেগানেসের জালে হ্যাটট্রিক করে সালাহকে ছুঁয়ে ফেলেছেন মেসি (২৯ গোল)। দুজনেরই পয়েন্টও সমান ৫৮। ইউরোপের বিভিন্ন দেশের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা এ পুরস্কার পেয়ে থাকেন।
বার্সা ফরোয়ার্ড কিন্তু ছুঁয়েছেন আরও একজনকে। লেগানেসের জালে ফ্রি কিক থেকে তাঁর প্রথম গোলটি মনে আছে? ৩০ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শটে বোকা বানিয়েছেন গোলরক্ষককে। এবারের মৌসুমে ফ্রি কিক থেকে ৭ গোল করেছেন মেসি, এর মধ্যে ৬ গোল করেছেন লা লিগায়। ২০০৬-০৭ মৌসুমের পর লা লিগার এক মৌসুমে ফ্রি কিক থেকে ৬ গোল করার নজির এবারই প্রথম। মেসির আগে তা করেছিলেন রোনালদিনহো।
দেশ ও ক্লাব মিলিয়ে মেসির ক্যারিয়ারে এটি ৪৫তম হ্যাটট্রিক। এর মধ্যে ৪০ হ্যাটট্রিক করেছেন বার্সার জার্সিতে, শুধু লা লিগাতেই তাঁর হ্যাটট্রিকসংখ্যা ২৯। কাল রাতের হ্যাটট্রিকে প্রথম গোলটি ছিল ফ্রি কিক থেকে তাঁর ক্যারিয়ারের ৪০তম গোল। দল ধারাবাহিক পারফর্ম করায় এসব সংখ্যা-উপাত্তের দাম থাকতেই পারে মেসির কাছে। লিগে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে বার্সা আর মাত্র ৭ ম্যাচের দূরত্বে। ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে বার্সা। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ।