মেসি-জাদুতে বার্সার দ্বিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী শাকিরার সঙ্গে কোপা ডেল রের ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করে নিলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে l এএফপি
বান্ধবী শাকিরার সঙ্গে কোপা ডেল রের ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করে নিলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে l এএফপি
মেসির অসাধারণ এক গোল, আনন্দে তাঁকে পিঠেই তুলে নিলেন দানি আলভেজ। পরশু ন্যু ক্যাম্পে l এএফপি
মেসির অসাধারণ এক গোল, আনন্দে তাঁকে পিঠেই তুলে নিলেন দানি আলভেজ। পরশু ন্যু ক্যাম্পে l এএফপি

একটা রাতে প্রাপ্তির খাতায় কী কী যোগ হতে পারে? ২৭তম বারের মতো কোপা ডেল রের ট্রফি, একই মৌসুমে রেকর্ড ছয়বার লিগ ও কাপের ‘ডাবল’, এমএসএন ত্রিমূর্তির ইতিহাস, ঐতিহাসিক শিরোপা ত্রিমুকুটের দিকে আরেকটু এগিয়ে যাওয়া...পরশুর রাতটা দুই হাত ভরেই দিয়েছে বার্সেলোনাকে। এই সবকিছুই পরিসংখ্যানে লেখা থাকবে, অথচ যেটা থাকবে না সেটাই যেন রাতটাকে স্মরণীয় করে রাখবে অনেক দিন। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ৩-১ ব্যবধানে জয়ে মেসির প্রথম গোলটির মতো গোল তো আর প্রতিদিন হবে না!
রাত জেগে খেলা দেখা ফুটবল-ভক্তদের কাছে গোলটির মাহাত্ম্য আলাদা করে বলার কিছু নেই। যাঁরা দেখেননি, তাঁদেরও ওটা বলে বোঝানো কঠিন। ২০ মিনিটে মধ্যরেখার একটু ওপরে বল পেয়েছিলেন, হঠাৎ করেই শুরু করলেন দৌড়। সামনে বিলবাও-রক্ষণের আগুয়ান ত্রিফলা, তাঁদের মধ্য দিয়েই ছিটকে বেরিয়ে গেলেন এক্সপ্রেস ট্রেনের মতো। ঢুকে পড়লেন বক্সে, সামনে আরেক ডিফেন্ডার। একটু গতি কমিয়ে সরে এলেন বাঁয়ে, মুহূর্তের মধ্যেই বাঁ পায়ে করলেন গোলার মতো শট। বিলবাও গোলরক্ষকের সাধ্য ছিল না সেটা ঠেকানোর।
ক্যারিয়ারে মনে রাখার মতো গোল কম করেননি মেসি। তবে এই গোলটা অনেক তারার ভিড়েও জ্বলজ্বল করবে। বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের কথাটাই শুনুন, ‘আমরা ইতিহাসের সেরা গোলগুলোর একটি দেখেছি।’ লুইস এনরিকের কণ্ঠে প্রথমে ‘এ আর এমন কী’ সুর, ‘আমরা তো এমন মেসিকে দেখেছি।’ পরে বার্সেলোনা কোচও বললেন, ‘ওর প্রথম গোলটা অন্য ব্রহ্মাণ্ডের।’ নেইমার বরাবরের মতোই মেসির প্রশংসায় অকৃপণ, ‘লিও অবিশ্বাস্য, আমার কাছে ও বিশ্বসেরা।’
পরেও আরেকটি গোল করেছেন, নেইমারের গোলের উৎসমুখও ছিলেন। বিলবাও গোলরক্ষক বাধা না হলে হ্যাটট্রিকটাও অনায়াসে হয়ে যেত। সেটা না পারায় অবশ্য অতৃপ্তি থাকার কথা নয়। মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী পরশু নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই মৌসুমে এই ত্রয়ীর মিলিত গোল এখন ১২০ (মেসি ৫৮, নেইমার ৩৮, সুয়ারেজ ২৪)। পেছনে পড়ে গেছে ২০১১-১২ মৌসুমে রোনালদো-বেনজেমা-হিগুয়েইনের ১১৮ গোলের রেকর্ড। বার্সেলোনার হয়ে আগের রেকর্ডটা ২০০৮-০৯ মৌসুমে। সেবার মেসি-অঁরি-ইতো মিলে করেছিলেন ১০০ গোল।
শেষ দিকে বিলবাওয়ের ইনাকি উইলিয়ামস একটা গোল করেছেন, সেটি শুধু ব্যবধানই কমিয়েছে। এনরিকে অবশ্য নিজেদের নিয়ে গর্ব করার চেয়ে বিলবাওকেই সান্ত্বনা দিয়েছেন বেশি, ‘এত ভালো খেলেও বিলবাও কয়েক বছর ধরে ফাইনালে বার্সেলোনার কাছে হেরে যাচ্ছে। একটা শিরোপা ওদের প্রাপ্য, আশা করি তারা শিগগিরই সেটা পাবে।’
তবে এসব কথার কথা। এনরিকের মনে এখন নিশ্চয়ই ৬ জুনের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। অসাধারণ এক মৌসুমের শেষটা বার্সা কোচ মনের মতোই করতে চাইবেন। এএফপি।