মেসি-ডামাডোলের মাঝে লা লিগার বিরুদ্ধে মামলা রিয়াল মাদ্রিদের

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ ফুটবলে ওঠা ঝড় থামার কোনো সম্ভাবনা নেই। একদিকে বার্সেলোনা ব্যস্ত মেসিকে নিয়ে। বলেকয়ে মেসির বেতন অর্ধেক কমিয়ে এনেছিল বার্সেলোনা, চুক্তি স্বাক্ষরও হয়ে যেত। এর মধ্যে ঝামেলা পাকাল লা লিগা। গত মৌসুমে বার্সেলোনা যে আয় করেছে, সে অনুযায়ী তাদের জন্য বেতনের একটি সীমা বেঁধে দিয়েছে লা লিগা। সে বেতনসীমা মেনে মেসিকে ধরে রাখা সম্ভব হয়নি বার্সেলোনার পক্ষে।

একদিকে লিগের সবচেয়ে বড় তারকাকে হারিয়েছে বার্সেলোনা। এ ধাক্কা স্প্যানিশ লিগ কীভাবে সামলাবে, সেটাই এখনো বুঝে উঠতে পারছেন না কেউ। এদিকে লা লিগাকে সামলাতে হচ্ছে দুই পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের রোষ। আজ একদিকে স্প্যানিশ ফুটবল যখন ব্যস্ত মেসির প্যারিস-যাত্রা নিয়ে। ওদিকে লা লিগার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।

২৭০ কোটি ইউরো সবগুলো ক্লাবের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাবটি ইতিবাচক মনে হলেও দীর্ঘমেয়াদি এটা রিয়াল ও বার্সেলোনার জন্য ক্ষতির কারণ হতো।

বার্সেলোনা আপাতত মেসিকে হারানোর ধাক্কা সামলাতে ব্যস্ত। তবে তারাও যে রিয়ালের মতোই কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, এ ব্যাপারে একমত স্প্যানিশ সংবাদমাধ্যম। গত মার্চ মাস থেকে দুই প্রতিদ্বন্দ্বী দল হরিহর আত্মা হয়ে উঠেছে। ইউরোপিয়ান সুপার লিগ বাস্তবায়ন করার জন্য এখনো লড়ে যাচ্ছে তারা। ধারণা করা হচ্ছে, লা লিগার সভাপতি এ কারণেই এই দুই ক্লাবকে শাস্তি দিতে চাইছে। তারই একটি ধাপ হলো মেসির জন্য বেতনের সীমা বাড়াতে রাজি না হওয়া।

এদিকে লা লিগা সিভিসি ফান্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে। যে চুক্তিতে লিগের খেলার স্বত্ব পাবে সিভিসি। এর বিনিময়ে ক্লাবের ভবিষ্যৎ আয়ের একটি অংশের মালিকানা পেয়ে যাবে সিভিসি। বর্তমানে ২৭০ কোটি ইউরো সবগুলো ক্লাবের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাবটি ইতিবাচক মনে হলেও দীর্ঘমেয়াদি এটা রিয়াল ও বার্সেলোনার জন্য ক্ষতির কারণ হতো। তাই এ দুই ক্লাব এই চুক্তিতে রাজি হয়নি।

এ ব্যাপারে যে দুই ক্লাবকে শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত হবে না রিয়াল, সেটা বোঝা যাচ্ছিল। আজ রিয়াল তাদের ইচ্ছা জানিয়ে দিয়েছে। ক্লাবের এক বিবৃতিতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে, ‘আজ স্থানীয় সময় বেলা ১১টার আলোচনার পর রিয়াল মাদ্রিদের বোর্ড পরিচালকেরা লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মেদ্রানোর বিপক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার ব্যাপারে একমত হয়েছেন। সে সঙ্গে সিভিসি ফান্ডের প্রধান হাভিয়ের গিজারো এবং সিভির আর্থিক সহযোগী এসআইসিএভি-এফআইএস ফান্ডের বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ ছাড়া ১২ আগস্ট লা লিগার সভায় লা লিগা ও সিভিসি ফান্ডের মধ্যে হওয়া চুক্তিকে বাতিল করার জন্য যদি কোনো আইনি পদক্ষেপও নেওয়া প্রয়োজন মনে হয়, সেটাও নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন পরিচালকেরা।’
সিভিসির চুক্তিতে রাজি না হওয়াতেই মেসির ব্যাপারে অনড় ছিল লা লিগা। তারা চেয়েছিল, এভাবে চাপ সৃষ্টি করলে মেসিকে ধরে রাখতে হলেও নতজানু হয়ে চুক্তিতে রাজি হয়ে যাবে বার্সেলোনা। কিন্তু ভবিষ্যতের আর্থিক ক্ষতি নিশ্চিত জেনে বার্সা সিভিসির চুক্তিতে রাজি হয়নি।