
বার্সেলোনার হয়ে সুয়ারেজের প্রথম হ্যাটট্রিক, রোনালদোর মেসি ও ডি স্টেফানোকে ছাড়িয়ে যাওয়া, জুভেন্টাসের সিরি ‘আ’ জয় আর ম্যানচেস্টার ইউনাইটেডের হার—সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবল পরশু এক ঘটনাবহুল দিনের সাক্ষী—
রোনালদোর কীর্তি
মেসি-সুয়ারেজ আর নেইমার মিলে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছেন কর্দোবাকে। জোড়া গোল করে লিওনেল মেসিও পিচিচি ট্রফির লড়াইয়ে ছাড়িয়ে গিয়েছিলেন তাঁকে। এমন একটা রাতে ক্রিস্টিয়ানো রোনালদোই বা নিষ্প্রভ থাকেন কী করে! সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে যেতে হবে না! আবার বার্সেলোনার জয় মানে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে রিয়াল মাদ্রিদকেও জিততে হবে। দুটিই হলো। মেসির দুই গোলের জবাবে হ্যাটট্রিক করে রোনালদো আবার এগিয়ে গেলেন পিচিচি ট্রফির লড়াইয়ে। ৩-২ গোলে সেভিয়াকে হারিয়ে রিয়ালও টিকে রইল শিরোপার লড়াইয়ে। ৩৫টি করে ম্যাচের পর বার্সেলোনার পয়েন্ট ৮৭, রিয়ালের ৮৫। লা লিগায় এ মৌসুমে মেসির হয়েছে ৪০ গোল, তাঁর চেয়ে দুই গোল বেশি করে শীর্ষে রোনালদো। হ্যাটট্রিক অবশ্য এ মৌসুমে দুজনেরই ৬টি করে।
তবে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের তালিকায় রোনালদো ছাড়িয়ে গেছেন মেসিকে। পরশু সেভিয়ার মাঠে লা লিগায় নিজের ২৫তম হ্যাটট্রিকটি করেছেন রোনালদো। গত মাসেই গ্রেনাডার বিপক্ষে হ্যাটট্রিক করে ছুঁয়েছিলেন লা লিগায় ২৪ হ্যাটট্রিকের মালিক মেসিকে।
রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৮টি হ্যাটট্রিক নিয়ে এত দিন যৌথভাবে আলফ্রেডো ডি স্টেফানোর সঙ্গে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক ছিলেন পর্তুগিজ উইঙ্গার। পরশু সেভিয়ার বিপক্ষে ৩ গোল করে রোনালদো পেছনে ফেলে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তিকেও।
সেভিয়ার বিপক্ষে এ নিয়ে ৫টি হ্যাটট্রিক হলো রোনালদোর। লা লিগায় একই প্রতিপক্ষের বিপক্ষে এর চেয়ে বেশি হ্যাটট্রিক করতে পারেননি আর কোনো খেলোয়াড়। লাস পালমাসের বিপক্ষে ৪টি হ্যাটট্রিক আছে ডি স্টেফানোর।
জুভেন্টাসের শিরোপা
চার ম্যাচ বাকি থাকতেই ৩১তম সিরি ‘আ’র শিরোপা নিশ্চিত করার জন্য সাম্পদোরিয়ার বিপক্ষে একটা মাত্র পয়েন্টই দরকার ছিল জুভেন্টাসের। আরতুরো ভিদালের একমাত্র গোলে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল পেল পুরো ৩ পয়েন্ট। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সিরি ‘আ’ জিতল জুভেন্টাস। লিগে এ মৌসুমে নিজেদের মাঠে সাম্পদোরিয়াও হারল এই প্রথম! জুভেন্টাসের হয়ে ১৪ বছরের ক্যারিয়ারের অষ্টম লিগ শিরোপা জিতলেন ৩৭ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। দারুণ আনন্দিত তিনি, ‘জয়ে আমার কোনো ক্লান্তি নেই। আপনি যত বুড়ো হবেন, ট্রফি জিতলে আনন্দ তত বেশি হবে। কারণ ওটাই হতে পারে আপনার ক্যারিয়ারের শেষ ট্রফি!’

ইউনাইটেডের হার
চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করার মিশনে আবারও একটা বড় হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। পরশু ওল্ড ট্রাফোর্ডে লুই ফন গালের দল ওয়েস্টব্রমের কাছে হেরে গেছে ১-০ গোলে। লিগে ইউনাইটেডের এটি টানা তৃতীয় হার। ২০০১ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারল ইউনাইটেড। ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ইউনাইটেড আপাতত চতুর্থ। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল।