মেসি থাকতে প্লে-স্টেশন কেন?

লিওনেল মেসির প্রতিভা নিয়ে কত কথাই তো শোনা যায়। সাংবাদিকেরা তাঁর বন্দনায় খরচ করে ফেলেন নিজেদের শব্দভান্ডার। দর্শকেরা উদ্বেলিত হয়ে ওঠেন তাঁর অনন্য ক্রীড়াশৈলীতে। কিন্তু তাঁর সঙ্গে ভিডিও গেম গ্যাজেট ‘প্লে-স্টেশনে’র তুলনার ব্যাপারটি কী কারও দৃষ্টিগোচর হয়েছে? গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তাঁর জাদুকরি পারফরম্যান্সের পর বার্সেলোনা কোচ লুইস এনরিকে তাঁর প্রশংসা করতে গিয়ে টেনে এনেছেন এই প্লে-স্টেশনের প্রসঙ্গ।
এনরিকে কিন্তু মেসির সঙ্গে প্লে-স্টেশনের তুলনায় যাননি; বরং তাঁর পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন প্লে-স্টেশন থেকেও।
লা লিগায় টানা তিন ম্যাচ জয় আর সেই সঙ্গে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর এনরিকে যেন হয়ে পড়েছিলেন একটু আবেগীই, ‘মেসি মাঠে ও মাঠের বাইরে এমন কিছু কারিকুরি দেখায়, যা প্লে-স্টেশনেরও করা সম্ভব নয়। এমনই অসাধারণ তার প্রতিভা।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে এনরিকে দিয়েছেন এর ব্যাখ্যাও, ‘সত্যি বলছি। অনুশীলনে প্রায়ই ওকে এমন কিছু করতে দেখি, যা কেবল অসাধারণ প্রতিভাবানের পক্ষেই করা সম্ভব। আপনার সামনে যদি মেসি থাকে, তাহলে প্লে-স্টেশনকে মনে হতে পারে নিতান্তই পানসে।’
মেসির মতো খেলোয়াড়কে দলে পাওয়া একজন কোচের জন্য যে কত বড় আশীর্বাদ, পরের কথাতে এনরিকে বলতে চেয়েছেন সেটাই, ‘সব সময় দেখি বলে মনে থাকে না, কিন্তু তার মতো প্রতিভাবান ফুটবলারকে সামনে থেকে দেখা সত্যিই আনন্দের ব্যাপার। এটা আমার কাছেই বিরাট সম্মানের যে আমি এমন একটি দলের কোচ, যেখানে খেলে বর্তমান বিশ্বের সেরা ফুটবলারটিই।’
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সার জয়টি এসেছে অবশ্য ব্রাজিলীয় তারকা নেইমারের দুই গোলে। কিন্তু নেইমারের দুটি গোলেরই উৎসমূল ওই মেসিই। প্রথমবার মেসির বাড়ানো থ্রু কাজে লাগান নেইমার। পরেরবার তিন বিলবাও ডিফেন্ডারকে গতির দৌড়ে পেছনে ফেলে মেসির বাড়ানো ক্রসে পা ছুঁইয়ে দিয়ে ক্লাবকে এনে দেন লা লিগায় টানা তৃতীয় জয়। নেইমারও পঞ্চমুখ মেসির প্রশংসায়, ‘বিশ্বের সেরা ফুটবলারটির পাশে দাঁড়িয়ে খেলাটা সব সময়ই আনন্দ ও গর্বের। আমি তার সঙ্গে বার্সায় খেলে অনেক কিছু শিখেছি। সত্যি কথা বলতে কি, শিখে চলেছিও।’ সূত্র: এএফপি।