মেসি-দিবালা আজ প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে আরেকটি বার্সেলোনা-জুভেন্টাস ম্যাচ আজ। ন্যু ক্যাম্পের সমর্থকেরা অপেক্ষায় আছেন, মেসিই জিতিয়ে দেবেন বার্সেলোনাকে। গত মৌসুমে শেষ আটে জুভেন্টাসের কাছে হারের চরম প্রতিশোধ নেবেন। সেবার প্রথম লেগে জোড়া গোল করে জুভেন্টাসকে ৩-০ গোলের জয় এনে দিয়েছিলেন পাওলো দিবালা। ওদিকে জুভ সমর্থকেরা আবারও তরুণ এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঘিরেই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে।

এমন একটি ম্যাচের আগে মেসি-দিবালার মনে কী চলছে? প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে আর্জেন্টিনা দলের আক্রমণভাগে জুটি বাঁধেন তাঁরা। ভাগ্য আজ আবারও তাঁদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে! পেশাদারিতে আবেগের জায়গা কোথায়! জাতীয় দলের বন্ধুত্ব ভুলে যে যাঁর দলকে জেতাতে নিঃসন্দেহে নিজেদের উজাড় করে দেবেন। রোমাঞ্চকর একটি দ্বৈরথের অপেক্ষায় থাকতেই পারে ফুটবল-বিশ্ব।

দুজনের সাম্প্রতিক পারফরম্যান্সও সেই কথাই বলছে। চলতি মৌসুমে বার্সার হয়ে ৫ ম্যাচে ৬ গোল মেসির। গত শনিবার লা লিগায় এসপানিওলের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। মেসির মুখে ফিরে এসেছে পরিচিত সেই হাসি। ইতালিতে দিবালাও গোল করে যাচ্ছেন। ৪ ম্যাচে ৭ গোল করেছেন। এর মধ্যে সিরি ‘আ’তে ৩ ম্যাচ খেলে ৫ গোল। চলতি মৌসুমের পরিসংখ্যানে মেসি-দিবালার পার্থক্য সামান্যই। দুই দলের মুখোমুখি লড়াইতে অতটুকু পার্থক্যও নেই, একেবারে সমানে সমান। ৯ ম্যাচে তিনটি করে জয়, তিনটি করে ড্র, তিনটি করে হার! মেসি-দিবালার দ্বৈরথটাই প্রধানতম। তবে এ ম্যাচে আরও দুই আর্জেন্টাইন সতীর্থের দ্বৈরথ আছে—জুভেন্টাসের গঞ্জালো হিগুয়েইন এবং বার্সার হাভিয়ের মাচেরানো।

নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শুরুর দিনে ইতালি-পরীক্ষা দিতে হচ্ছে স্পেনর আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদকেও। বার্সা অবশ্য খেলছে ঘরের মাঠে। কিন্তু ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোকে যেতে হচ্ছে এএস রোমার অলিম্পিক স্টেডিয়ামে। আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্য অ্যাটলেটিকোই এগিয়ে থাকবে। এর আগে মুখোমুখি হওয়া দুটি ম্যাচেই তারা জিতেছে রোমার বিপক্ষে। প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়েছে, খায়নি একটি গোলও।

চ্যাম্পিয়নস লিগের এ মৌসুমটা নেইমারের জন্য আবার অন্য রকম। নতুন দল পিএসজির হয়ে ইউরোপে নতুন শুরু করতে যাচ্ছেন তিনি। সেল্টিকের বিপক্ষে নতুন এই যাত্রা শুভ হবে বলেই বিশ্বাস ব্রাজিলিয়ান তারকার, ‘লক্ষ্য হচ্ছে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতা। আমি বিশ্বাস করি, টুর্নামেন্ট জয়ের সামর্থ্য আমাদের আছে। শুধু মানই নয়, আমাদের অভিজ্ঞতাও আছে।’ নতুন শুরুটা স্কটল্যান্ডের সেল্টিকে। ভেন্যু হিসেবে যেকোনো দলের জন্যই কঠিন। বিশেষ করে সেল্টিকের সমর্থকদের কারণে। প্রতিপক্ষের খেলোয়াড়দের মনোবল ভেঙে দিতে ‘দুয়ো’ দিতেও পিছপা নয় তাঁরা। নেইমারকেই বা ছাড়বে কেন! তবে নেইমার এসব দুয়ো-টুয়ো নিয়ে ভাবেন না, ‘দুয়ো আমি পাত্তা দিই না। এটা শুধু বিরক্তিকর, আর কিছু নয়। কেউ যদি মনে করে দুয়ো দিয়ে আমার খেলায় প্রভাব ফেলা যাবে, তাহলে তারা সময়ই নষ্ট করছে।’ এএফপি।

আজ মুখোমুখি

গ্রুপ ‘এ’

ম্যান ইউনাইটেড-বাসেল

বেনফিকা-সিএসকেএ

গ্রুপ ‘বি’

বায়ার্ন-আন্ডারলেখট

সেল্টিক-পিএসজি

গ্রুপ ‘সি’

চেলসি-কারাবাগ

রোমা-অ্যাটলেটিকো

গ্রুপ ‘ডি’

বার্সেলোনা-জুভেন্টাস

অলিম্পিয়াকোস-স্পোর্টিং

* সব ম্যাচ শুরু বাংলাদেশ সময়

রাত ১২-৪৫ মিনিটে

** প্রথমে স্বাগতিক দল