পুরস্কারটা লিওনেল মেসির একরকম ব্যক্তিগত সম্পত্তিই হয়ে গিয়েছিল। ২০০৬ সালের পর প্রতিবারই এটি পেয়েছেন মেসি। ২০১৪ সালে এসে হলো ব্যতিক্রম, ক্রীড়া সাংবাদিকদের ভোটে দেশের বাইরে খেলেন এমন আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসিরই আর্জেন্টাইন সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া।
ডি মারিয়ার জন্য বছরটা গেছে মনে রাখার মতোই। রিয়াল মাদ্রিদকে লা ডেসিমা জেতাতে রেখেছেন বড় অবদান। বিশ্বকাপেও দারুণ খেলছিলেন, দ্বিতীয় রাউন্ডে তাঁর অন্তিম সময়ের গোলেই আর্জেন্টিনা হারায় সুইজারল্যান্ডকে। কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে খেলতে পারেননি সেমিফাইনাল ও ফাইনালে। তবে বিশ্বকাপের পর জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচে দুর্দান্ত একটা হ্যাটট্রিক করেছিলেন। নতুন মৌসুমে ৬ কোটি পাউন্ডের ব্রিটিশ রেকর্ড গড়ে ডি মারিয়াকে নিয়ে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন ক্লাবের হয়েও পুরোনো ফর্মটা টেনে নিয়ে এসেছেন। সব মিলিয়ে এই বছরে ৪২ ম্যাচে ৭টি গোল করেছেন, ২৫টি করিয়েছেন। ইউনাইটেড এ মুহূর্তে আছে পয়েন্ট তালিকার তিনে, বছরের শেষটা তাই মনে রাখার মতোই হলো ডি মারিয়ার! মেইল অনলাইন।