
অনেকেরই কল্পনার ক্যানভাসে পরশু তুরিনের ছবিটা ম্যাচের আগে ছিল এমন, জুভেন্টাসের স্টেডিয়ামে আলো ছড়াচ্ছেন খর্বাকৃতির এক আর্জেন্টাইন। দেখাচ্ছেন বাঁ পায়ের জাদু! জুভেন্টাস-বার্সেলোনা ম্যাচটা এক আর্জেন্টাইনই রাঙিয়ে দিয়েছেন। একটু ছোটখাটো গড়নেরই, বাঁ পায়ের...সবই ঠিক আছে। তবে জার্সিটা বদলেছে, জার্সির পেছনের নামটাও। বার্সেলোনা নয়, জার্সি জুভেন্টাসের। লিওনেল মেসি নয়, নামটা পাওলো দিবালা! দুর্দান্ত দুটি গোল করেছেন ২৩ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার, তাতে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ঘরের মাঠে পরশু বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রাখল জুভেন্টাস।
শেষ ষোলোতেই পিএসজি-রূপকথা লিখে আসা বার্সার এখনো সুযোগ আছে সেমিতে যাওয়ার। তবে চ্যাম্পিয়নস লিগে এবার ৯ ম্যাচে মাত্র ২ গোল খাওয়া এই জুভেন্টাসের সঙ্গেও তেমন রূপকথা মেসি-নেইমাররা লিখতে পারবেন, সে স্বপ্ন হয়তো সবচেয়ে আশাবাদী বার্সেলোনা সমর্থকও করছেন না।
দুই দলই কাগজে-কলমে সমান শক্তির—এমন ম্যাচে পার্থক্য গড়ে দেয় জয়ের তাড়নাটা কার বেশি, সেটি। পরশু শুরু থেকেই তা স্পষ্ট ছিল মানজুকিচ-কুয়াদ্রাদোদের মধ্যে। প্রথম ৩০ মিনিটে বার্সাকে দম ফেলার ফুরসতই দেননি, আর ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর বাকি সময়টা বার্সাকে ভুগিয়েছেন রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণের কৌশলে। আর দিবালা তো ছিলেনই, ২২ মিনিটেই জুভেন্টাসকে এনে দেন দুই গোল!
গোল দুটিও কী দুর্দান্ত! সাত মিনিটে বার্সেলোনার বক্সে দু-তিনজন ডিফেন্ডারের মধ্যেই জায়গা করে নিয়ে ঘুরলেন, এরপর বাঁ পায়ের নিখুঁত শট...বল দ্বিতীয় পোস্ট ঘেঁষে জালে। দ্বিতীয় গোলটিও মুহূর্তের সিদ্ধান্তে প্রতিপক্ষকে চমকে দিয়ে। বক্সঘেঁষা জায়গায় বল পেয়ে একটুও সময় না নিয়ে জোরালো শট দিবালার...তাতেই হতবুদ্ধি বার্সা গোলরক্ষক টের স্টেগেন। ৫৫ মিনিটে হেডে গোল করেছেন কিয়েলিনি, উৎস কর্নার।
বাঁ পায়ের জাদু আর জাতীয়তায় মিলের কারণে এমনিতেই তাঁকে ‘নতুন মেসি’ বলা হতো। পরশু মেসিও তাঁর মুগ্ধ দর্শক! ইতালিয়ান ক্রীড়া দৈনিক তুত্তো স্পোর্ত ঢাউস শিরোনাম করেছে মেসির ‘মঙ্গল গ্রহের ফুটবলার’ উপমা ধার করেই, ‘মেসি কে? দিবালাই তো মার্শিয়ান!’ দিবালা অবশ্য মেসির সঙ্গে তুলনায়ই যেতে নারাজ। ম্যাচের পর প্রশ্নটা উঠতেই বললেন, ‘মানুষের বোঝা উচিত, আমি পাওলো দিবালা। দিবালা হয়েই থাকতে চাই। (মেসির সঙ্গে) তুলনা ও আমার ওপর মানুষের প্রত্যাশাটা আমি বুঝি। কিন্তু আমি নতুন মেসি বা ভবিষ্যতের মেসি হতে চাই না।’
দিবালা ‘মেসি’ হতে চান না, পরশু মেসিও পারেননি ‘মেসি’ হতে। ইনিয়েস্তা ও সুয়ারেজকে দুর্দান্ত দুটি সুযোগ গড়ে দিয়েছেন ঠিকই। কিন্তু পুরো বার্সেলোনাই যেখানে অনুজ্জ্বল, মেসিও নিজেকে মেলে ধরতে ব্যর্থ। তাতেই এখন বার্সার সামনে আবারও পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ—দ্বিতীয় লেগে অন্তত ৪ গোল করতে হবে, একটিও না খেয়ে। কিন্তু চ্যালেঞ্জটা এতই কঠিন যে, পিএসজি-রূপকথার পরও বার্সা কোচ লুইস এনরিকের স্বর এবার ক্ষীণ, ‘এবার ফিরে আসার ব্যাপারে বিশ্বাস রাখা আগের চেয়ে কঠিন। এটা যেন একই দুঃস্বপ্ন আরেকবার অনুভব করা। এখনো প্রথমার্ধটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। পিএসজির মতো আরেকটা প্রত্যাবর্তন খুবই কঠিন হবে।’ সূত্র: রয়টার্স।
