মেসি না পারলেও পেরেছেন মুনির

তুলনাটা একটু বাড়াবাড়িই হয়ে যায়! কোথায় লিওনেল মেসি, কোথায় মুনির এল হাদ্দাদি মোহমেদ! শেষ নামটা শুনে কি একটু ভ্রু কুঁচকে উঠলেন? সেটা অস্বাভাবাবিক কিছু নয়। অবশ্য পাঁড় বার্সেলোনা-ভক্তরা এরই মধ্যে জেনে থাকবেন নামটি। বার্সেলোনা একাডেমির তরুণ-তুর্কি। এবারই সুযোগ পেতে যাচ্ছেন মূল দলে। কিন্তু যে খেলোয়াড়টির এখনো লা লিগা কিংবা বড় কোনো ম্যাচে বার্সেলোনার জার্সি গায়ে চড়ানো হয়নি, তাঁর সঙ্গে কীভাবে তুলনা হতে পারে মেসির! কিন্তু মুনির এমন একটা ব্যাপারে সফল, যেখানে সাফল্য নেই স্বয়ং মেসিরও!
বার্সার হয়ে অভিষেকে গোল পেয়েছেন মুনির এল হাদ্দাদি মোহামেদ। এই একটি জায়গায় মেসি ‘ঈর্ষা’র দৃষ্টিই দেবেন এই ১৮ বছরের তরুণের দিকে। তিনি যে তাঁর অভিষেকে মুনিরের মতো গোল করতে পারেননি।
২০০৩ সালের নভেম্বরে মাত্র ১৬ বছর বয়সে পোর্তোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে বার্সেলোনার জার্সি পরে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন মেসি। সে ম্যাচে গোল করতে পারেননি বার্সা ফরোয়ার্ড। গত রাতে মৌসুমসূচক হোয়ান গাম্পার ট্রফিতে মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে বার্সা মূল দলে অভিষেক হলো মুনিরের।
কাল মুনিরের হয়েছে রাজ-অভিষেক। করেছেন জোড়া গোল। মেসি, নেইমার, সুয়ারেজ, জাভি, ইনিয়েস্তাদের মতো মহাতারকাদের ভিড়ে নিজেকে চেনানোর সব কাজই করলেন মুনির।
মেসির মতো মুনিরও এসেছেন বার্সেলোনা-বি দল থেকে। মরক্কান বংশোদ্ভূত এ ফরোয়ার্ড বার্সা যুবদলে সুযোগ পাওয়ার আগে খেলেছেন স্প্যানিশ ফুটবলের চতুর্থ বিভাগের দল রাজো মায়াদাহোনদায়। মাদ্রিদভিত্তিক এ ক্লাবে ২৯ ম্যাচে করেছেন ৩২ গোল। মজার ব্যাপার, বার্সা যুবদলে সুযোগ পাওয়ার আগে অ্যাটলেটিকো মাদ্রিদে পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন মুনির! সূত্র: এফসিবার্সেলোনা ডটকম ও মার্কা।