মেসি নেই, তাই সংশয়ে ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

সংশয়টা আরও অনেকেরই আছে। আর্জেন্টিনার সাধারণ ফুটবলপ্রেমী থেকে শুরু করে সাবেক খেলোয়াড় অনেকে সেটি বলেছেনও। কী সেটি? লিওনেল মেসির নিষেধাজ্ঞা যদি না কমে, আর্জেন্টিনার ২০১৮ বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা কমে যাবে অনেকটাই। অন্য অনেকের দলে যোগ হয়েছে বড় একটা নামও—ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ছিয়াশির বিশ্বকাপজয়ী নায়কেরও শঙ্কা, বাছাইপর্বের শেষ ম্যাচগুলোর বেশির ভাগই মেসিকে ছাড়া খেলতে হলে আর্জেন্টিনার বিশ্বকাপে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ রাউন্ডেই ঘটেছে অঘটনটা। চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারিকে অশোভন কথা বলার অভিযোগে মেসিকে বাছাইপর্বে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। যার মধ্যে একটি ম্যাচ চলেও গেছে, বলিভিয়ার বিপক্ষে। মেসিহীন সেই ম্যাচে আর্জেন্টিনা কী করেছে? সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় খাবি খেয়েছে, অক্সিজেন আর সৃষ্টিশীলতা দুটির অভাবেই। হেরেছে ২-০ গোলে।
যে হারের পর বাছাইপর্বে ১০ দলের মধ্যে আর্জেন্টিনা নেমে গেছে পাঁচে। অথচ বিশ্বকাপে সরাসরি যাবে চারটি দল, পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফে। দলের পারফরম্যান্সের দায় নিয়ে আর্জেন্টিনা কোচের পদ থেকে বরখাস্তও হয়েছেন এদগার্দো বাউজা। তাঁর বদলি এখনো ঘোষণা করেনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এবারের পুরো বাছাইপর্বেই আর্জেন্টিনার পারফরম্যান্স দুই দাগে বিভক্ত—মেসিকে পেলে উজ্জ্বল, মেসিহীনে ছন্দহীন। মেসি খেলেছেন এমন ছয় ম্যাচের পাঁচটি জিতেছে, হেরেছে একটি। আর তাঁকে ছাড়া আট ম্যাচে জয় মাত্র একটি, হার তিনটি!
মেসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে এএফএ। কিন্তু তাতে কাজ না হলে? নিষেধাজ্ঞা না কমলে? বাছাইপর্বের বাকি চার ম্যাচের তিনটিতেই মেসিকে ছাড়া খেলতে হবে আর্জেন্টিনাকে। তাতে ভালো করবে আলবিসেলেস্তেরা, এই পরিসংখ্যানের পর সেটিতে বিশ্বাস আছে কজনের? ম্যারাডোনার তো নেই! রেডিও রিভাদাভিয়াকে আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন, ‘আমরা ভীষণ বাজে অবস্থায় পড়ে গেছি। মেসিকে ছাড়া খেলতে হলে বিশ্বকাপে যাওয়া নিয়েই সংশয় থাকবে।’
বাছাইপর্বে আর্জেন্টিনার বাকি চার ম্যাচ উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিপক্ষে। প্রথম দুটি সেপ্টেম্বরে, পরের দুটি অক্টোবরে। নিষেধাজ্ঞা না কমলে মেসি খেলতে পারবেন শুধু ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে, কিটোর সাড়ে নয় হাজার ফুট উচ্চতায়! ফোরফোরটু।