
নেই সুয়ারেজ, কাভানি ও রদ্রিগেজও। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের শুরুটাও কেমন যেন বিবর্ণ মনে হচ্ছে না?
যাঁদের ওপর সারা বিশ্বের চোখ থাকত, সেই মেসি-নেইমারই নেই! সমকালীন ফুটবলের দুই মহারথীর সঙ্গে না-থাকার তালিকায় যোগ করুন উরুগুয়ের লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও কলম্বিয়ার হামেস রদ্রিগেজের নামও। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের শুরুটাও কেমন যেন বিবর্ণ মনে হচ্ছে না?
শুরুতেই একঝাঁক তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি অন্য মহাদেশগুলোর বাছাইপর্বের চেয়ে লাতিন আমেরিকাকে এবার কিছুটা আলাদা করে দিয়েছে। তবে এমনিতেও কিন্তু এই মহাদেশের বাছাইপর্ব একটু আলাদা। সেটা শুধু ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়ের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের নামের ভারের কারণে নয়।
অন্য মহাদেশে দলগুলো খেলে একাধিক গ্রুপে ভাগ হয়ে, কোথাও একাধিক ধাপও পেরোতে হয়। কিন্তু লাতিন আমেরিকায় ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের মাঠে খেলে লিগ পদ্ধতিতে। শীর্ষ চারটি দল সরাসরি যায় বিশ্বকাপে। পঞ্চম দলটিকে পেরোতে হয় প্লে-অফের বাধা। আর এই বাছাইপর্বটা আজ শুরু হয়ে চলবে ২০১৭ নভেম্বর পর্যন্ত। অন্য কোনো মহাদেশের বাছাইপর্ব এত লম্বা সময় ধরে চলে না।
এ তো গেল শুধু ফরম্যাটের পার্থক্য। লাতিন আমেরিকার বাছাইপর্বের মাহাত্ম্য এতেই শেষ নয়। এই মহাদেশের ১০টি দলের ৯টিরই বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে। ব্যতিক্রম শুধু ভেনেজুয়েলা। বাকি ৯টি দলের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা আর উরুগুয়ে মিলে জিতেছে ৯টি বিশ্বকাপ। অন্য কোনো মহাদেশে বাছাইপর্বেই একাধিক বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হওয়াটা বিরল ঘটনা। এখানে প্রতিদ্বন্দ্বিতা কতটা কঠিন, এ থেকেই তা স্পষ্ট।
সেই কঠিন লড়াইয়ের শুরুতেই নেইমারকে না পাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কাই। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণের কারণে লাল কার্ড দেখা বার্সেলোনা ফরোয়ার্ড চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। শাস্তির অর্ধেক শেষ, বাকি দুই ম্যাচের প্রথমটি বাংলাদেশ সময় কাল ভোরে সান্তিয়াগো স্টেডিয়ামে চিলির বিপক্ষে। অন্যটি ভেনেজুয়েলার বিপক্ষে আগামী রোববার, ফোর্তালেজায়। চিলির বিপক্ষে ব্রাজিলের রেকর্ড দুর্দান্ত। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির কাছে ব্রাজিলের একমাত্র হারটি ২০০০ সালে। ওই ম্যাচের পর ১৪ বার চিলির মুখোমুখি হয়ে ব্রাজিল জিতেছে ১২টিতেই। এর মধ্যে একটি জয় অবশ্য টাইব্রেকারে, সর্বশেষ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে।
তবে চিলির সাম্প্রতিক ফর্ম ও সব রেকর্ডকে মূল্যহীন করে দেওয়ার হুমকি দিচ্ছে। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা সর্বশেষ পাঁচ ম্যাচের একটিও হারেনি। চারটি জিতেছে সরাসরি, একটি টাইব্রেকারে। এই ফর্মের কারণেই আজ চিলিকে বাড়তি সমীহ ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজের, ‘ওদের বিপক্ষে এখন যেকোনো ম্যাচই কঠিন। তবে আমরা জয়ের জন্যই খেলব।’
ব্রাজিল বাছাইপর্বের শুরুতে নেইমারকে পাবে না, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল বেশ আগেই। তবে আর্জেন্টিনা মেসির না থাকার খবরটা পেয়েছে সম্প্রতি। গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া বার্সেলোনা ফরোয়ার্ডকে মাঠের বাইরে থাকতে হবে দুই মাস। কাল ভোরে বুয়েনস এইরেসে ইকুয়েডর এবং চার দিন পর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তাই মেসিকে ছাড়াই নামতে হচ্ছে। মেসিকে ছাড়া আগেও খেলেছে আর্জেন্টিনা, কোপা আমেরিকা শুরুর আগে বলিভিয়ার বিপক্ষে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। তবে সেটা ছিল প্রীতি ম্যাচ, প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনা সর্বশেষ মেসিকে ছাড়া খেলেছে সেই ২০১৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচটি হেরেছিল আর্জেন্টিনা।
এ দুটি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়া হাভিয়ের মাচেরানো অবশ্য বলে দিয়েছেন, ‘আমরা মেসিকে ছাড়াই ইতিবাচক খেলতে চাই এবং পরে এটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।’
উরুগুয়ে অবশ্য সুয়ারেজকে ছাড়া খেলতে অভ্যস্তই হয়ে গেছে। ব্রাজিল বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড় দিয়ে নিষিদ্ধ হওয়া সাবেক লিভারপুল স্ট্রাইকারকে ছাড়াই কোপা আমেরিকায় খেলেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এবার যোগ হয়েছেন আরেক স্ট্রাইকার এডিনসন কাভানিও। কোপা আমেরিকায় চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ পিএসজি স্ট্রাইকার। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতার কারণে লাপাজে বলিভিয়ার বিপক্ষে খেলা এমনিতেই যেকোনো দলের জন্য বড় পরীক্ষা। উরুগুয়েকে সেই পরীক্ষায় নামতে হচ্ছে দলের মূল দুই স্ট্রাইকারকে ছাড়াই। রয়টার্স।