মেসি-নেইমার-এমবাপ্পে আছেন বলেই পিএসজির আশা নেই

মেসি-নেইমার-এমবাপ্পেরা আশা পূরণ করতে পারেননিফাইল ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্রমণভাগে আগেই ছিলেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও আনহেল দি মারিয়া। সে দলেই এ মৌসুমে যুক্ত হয়েছেন লিওনেল মেসি। অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলারকে পেয়ে পিএসজি গোলবন্যায় ভাসিয়ে দেবে প্রতিপক্ষকে, তছনছ করে ফেলবে প্রতিপক্ষের রক্ষণ১–এমন ভাবনা অমূলক ছিল না। কিন্তু মৌসুমের প্রায় অর্ধেক চলে যাওয়ার পরও তেমন কিছু এখনো দেখাতে পারেননি এই তিনজন।

আগামীকাল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। ম্যানচেস্টার সিটির সঙ্গে এক গ্রুপে পড়া পিএসজি গ্রুপে হয়েছে দ্বিতীয়। ফলে শেষ ষোলোতে পিএসজিকে অন্য গ্রুপের শীর্ষে থাকা দলগুলোর মুখোমুখি হতে হবে। এতে নিজেরা যেমন দুশ্চিন্তায় পড়েছে, অন্য পরাশক্তিদেরও চিন্তায় ফেলে দিয়েছে পিএসজি। তবে সাবেক জার্মান মিডফিল্ডার দিদি হামানের পিএসজিকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। তাঁর ধারণা, মেসি-নেইমার-এমবাপ্পে আছেন বলেই প্রতিপক্ষ দলগুলো স্বস্তি পাবে।

পিএসজির অনুশীলনে নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে
ফাইল ছবি: এএফপি

গত দুই মৌসুমেই পিএসজি-বায়ার্ন মিউনিখ দ্বৈরথ দেখা গেছে চ্যাম্পিয়নস লিগে। ২০২০ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজিকে হারিয়েই নিজেদের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার্ন। আর গত মৌসুমেই দুই দলের দেখা হয়েছিল কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় সেবার বিজয়ীর হাসি হেসেছিল পিএসজি। এ মৌসুমে শেষ ষোলোতেই দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দুই দলের।

এ নিয়ে হামানের কাছে প্রশ্ন করা হয়েছিল। বায়ার্ন ও লিভারপুলের সাবেক মিডফিল্ডার সে সম্ভাবনার কথায় খুশিই হয়েছেন। তাঁর ভাষায়, পিএসজি সামনে পড়লে সে ক্ষেত্রে অনায়াসে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বায়ার্ন। স্কাই স্পোর্টস জার্মানি হামানের আছে শেষ ষোলোয় বায়ার্নের জন্য সম্ভাব্য প্রতিপক্ষ বেছে নিতে বলেছিল। বায়ার্নের হয়ে ইউরোপা ও লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী হামান পিএসজিকেই বেছে নিয়েছেন।

মেসি-এমবাপ্পের রসায়ন আশা দেখাচ্ছে পিএসজিকে
ছবি: এএফপি

কেন? হামানের ব্যাখ্যা, ‘বায়ার্ন মিউনিখের বিপক্ষে আবার প্যারিস সেন্ট জার্মেইকে খেলতে দেখলে এমনিতেই ভালো লাগবে। তবে আমার মনে হয় না, যতক্ষণ মেসি, এমবাপ্পে, নেইমার একসঙ্গে খেলছে, ততক্ষণ তারা বিপজ্জনক কোনো দল। এই তিনজনকে খেলতেই হবে (বায়ার্নের বিপক্ষে ম্যাচের মতো বড় ম্যাচে), তারা খেলবেও, কিন্তু এটা কার্যকর নয়।’

এই মৌসুমে পিএসজির খেলায় কোনো ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। আক্রমণে মেসি-নেইমার-এমবাপ্পে থাকছেন। সে সঙ্গে দি মারিয়াও নামছেন। কিন্তু তাঁদের প্রায় সবাই প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে অতটা কার্যকর নন। ফলে এই চারজন খেললে পিএসজির রক্ষণ ও মাঝমাঠের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে। এরই প্রভাবে পুরো দলের খেলাই হয়ে পড়েছে ছন্নছাড়া।

পচেত্তিনো এখনো পিএসজিকে নিয়ে নিজের পরিকল্পনা দেখাতে পারেননি
ফাইল ছবি: রয়টার্স

গত কয়েক ম্যাচে নেইমারের চোট কোচ মরিসিও পচেত্তিনোকে ভিন্ন দল নামাতে বাধ্য করেছে। তাতে দি মারিয়াকে আক্রমণের তিনে এনে মাঝমাঠে তিন প্রথাগত মিডফিল্ডার খেলাতে পারছে পিএসজি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এ কৌশলে ভালোই খেলেছে পচেত্তিনোর দল।

পচেত্তিনো অবশ্য বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে এই তিনজনকে নিয়েই নামতে চাইবেন। কারণ, এই তিনজনকে নিয়েই গ্রুপে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে পিএসজি। হামান অবশ্য সে ম্যাচের ফলকে পাত্তাই দিচ্ছেন না, ‘ম্যান সিটির বিপক্ষে জয়টা ছিল ব্যতিক্রম। কারণ, সেদিন রক্ষণের দিক থেকে অপার্থিব পারফরম্যান্স দেখিয়েছিল পিএসজি।’