মেসি-নেইমার-এমবাপ্পেদের অপরাজেয়-যাত্রা থামাল নঁতে
নঁতে ৩ : ১ পিএসজি
লিগে তাদের ধারেকাছে কোনো দল নেই। আগের ২৪ ম্যাচে মাত্র একটা হার পিএসজির, গত অক্টোবরে রেনের মাঠে ২-০ গোলে। সর্বশেষ ১৫ ম্যাচে তারা অপরাজিত। সঙ্গে মাত্র চার দিন আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে জয়ের তরতাজা আত্মবিশ্বাস। নেইমার একাদশে ফেরায় সেই দলটা আজ ফিরে পেয়েছে তর্কযোগ্যভাবে সময়ের সেরা আক্রমনভাগ। সেই দল নঁতের বিপক্ষে পয়েন্ট হারাতে পারে, এটা কল্পনা করাই তো কঠিন।
কিন্তু সেই কঠিন কাজটাই করল ফরাসি লিগের শীর্ষে থাকা পিএসজি। নঁতের কাছে আজ মেসি-নেইমার-এমবাপ্পেরা হেরেছেন ৩-১ গোলে। যে হারে অবশেষে থেমেছে লিগে পিএসজির টানা ১৫ ম্যাচের অপরাজেয়-যাত্রাও।
অতিথিদের চমকে দিয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই নঁতেকে এগিয়ে দেন দলের ফরাসি স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানি। সেই ধাক্কা সামলে উঠার আগেই মেসি-নেইমার-এমবাপ্পেরা দেখেন বল আরও একবার তাঁদের জালে। ১৭ মিনিটে নঁতের দ্বিতীয় গোলটা ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের।
গোলের সুযোগ পিএসজিও পেয়েছিল। নঁতে প্রথম গোল করার আগেই সুযোগ পেয়েছিলেন নেইমার, পরে পেয়েছেন মেসি। কিন্তু নঁতের গোলরক্ষক আলবাঁ লাফঁত যেন চীনের মহাপ্রাচীর হয়ে গিয়েছিলেন এদিন। পুরো ম্যাচে মেসি-নেইমার-এমবাপ্পে তিনজনকেই একাধিকবার গোলবঞ্চিত করেছেন ফরাসি এই গোলরক্ষক।
প্রথমার্ধের শেষদিকে নিজেদের বক্সের একটু সামনে এমবাপ্পেকে রুখতে গিয়ে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ডিফেন্ডার ডেনিস আপ্পিয়াহ। তবে ভিএআর দেখে সেই সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড করা হয়। এর মিনিটখানেক পরেই ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয় পিএসজির বিপক্ষে। লুদোভিচ ব্লাসের গোলে ৩-০ করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসায় নঁতে।
বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই একটা গোল শোধ করে দেয় পিএসজি। বক্সের ভেতর পাওয়া লিওনেল মেসির পাস কাট করে ডান পায়ের শটে ৩-১ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু মিনিট দশেক পরে সেই নেইমারই পেনাল্টি নষ্ট করে হতাশ করেন সতীর্থদের। বক্সের ভেতর ফাউলের শিকার হওয়া এমবাপ্পে এনে দিয়েছিলেন পেনাল্টিটা। কিন্তু নেইমারের এত দুর্বল শট! ঠেকাতে ঝাপাতেও হয়নি নঁতে গোলরক্ষক আলবাঁ লাফঁতের। এই নিয়ে পরপর দুই ম্যাচে নিজের এনে দেওয়া দুটি পেনাল্টি দুই মহাতারকা সতীর্থকে নষ্ট করতে দেখলেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচটায় পেনাল্টি মিস করেছিলেন মেসি, এবার নেইমার।
এরপর অবিশ্বাস্য কিছু না করতে পারলে এ ম্যাচ থেকে কোনো পয়েন্ট নিয়ে ফেরা সম্ভব ছিল না পিএসজির জন্য। মেসি-নেইমার-এমবাপ্পেদের কেউ পারেননি অতিমানব হয়ে ম্যাচ বের করে আনতে বা অন্তত ড্র করলে। ভুলতে বসা হারের তেতো স্বাদ নিয়েই তাই মাঠ ছাড়ে মরিসিও পচেত্তিনোর দল।
অবশ্য লিগের পয়েন্ট তালিকায় পিএসজির অবস্থানে তাতে বিন্দুমাত্র হেরফের হয়নি। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই অনেক পেছনে, ২৪ ম্যাচে পয়েন্ট ৪৬।