মেসি-নেইমারকে দুয়ো দিচ্ছেন পিএসজির সমর্থকেরা
ইউরোপিয়ান ফুটবলে কাল রাত থেকেই এক গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করে ফেলেছেন, আগামী জুলাই থেকে রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে দেখা যাবে তাঁকে।
মাত্র তিন দিন আগে যে ক্লাবের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন শেষ হয়েছে, সেই ক্লাবেই যাচ্ছেন এমবাপ্পে—এমন খবরে খেপে ওঠার কথা পিএসজি সমর্থকের। তাঁকে শাপশাপান্ত করে আজ পাগল করে তোলার কথা ক্লাবের পাড় ভক্তদের। কিন্তু আজ বোর্দোর বিপক্ষে হচ্ছে উল্টো। ম্যাচে আক্রমণের ত্রয়ীর বাকি দুই অর্থাৎ লিওনেল মেসি ও নেইমারকেই দুয়ো দিচ্ছেন সমর্থকেরা।
গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে জয়টা তাই কোনো কাজে আসেনি প্যারিসের ক্লাবের। দুই লেগেই একটি করে গোল করেছেন এমবাপ্পে। রিয়ালের বিপক্ষে সবগুলো ভয় জাগানো আক্রমণের প্রাণকেন্দ্রে ছিলেন তিনি। ওদিকে প্রথম লেগে মেসি একটি পেনাল্টি মিস করেছেন। সেটি গোল করতে পারলেই পিএসজি হয়তো এবার রিয়ালকে টপকে কোয়ার্টার ফাইনালে চলে যেত। নেইমারও ছিলেন নিষ্প্রভ।
পিএসজির সমর্থকেরা তাই এ দুজনের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত। ক্লাবটির সমর্থকদের চরমপন্থী গোষ্ঠী ‘কালেকটিফ আল্ট্রাস পারিস’ এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল আজ ম্যাচে কী ঘটতে যাচ্ছে, ‘আমাদের প্যারিস সেন্ট জার্মেইয়ের এমন খেলোয়াড় দরকার যারা দলের সেবা করে, দল থেকে শুধু সেবা নেয় না। রোববার বোর্দোর বিপক্ষে আমরা আমাদের অসন্তোষ জানাব এবং এই ক্লাবকে যারা ভালোবাসে, যারা উপস্থিত থাকবে, তাদের সবাইকে আমাদের অহিংস কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।’
শুধু ক্লাবের সেবা নেন, ক্লাবকে দেন না—এই কাতারে কারা পড়েন, সেটা আজ জানিয়ে দিয়েছেন সমর্থকেরা। ম্যাচের শুরুতে যখন একাদশ ঘোষণা করা হয়েছে, তখন এমবাপ্পের নাম শুনে সবাই তালি দিয়েছেন। আর নেইমার ও মেসিকে দুয়ো দেওয়া হয়েছে। ম্যাচে যতবারই এ দুই তারকা বল স্পর্শ করেছেন দুয়ো দেওয়া হয়েছে। তাঁদের অসন্তোষ আরও ভালোভাবে বোঝা গেছে ২১ মিনিটে। যখন একটি ফ্রি কিক নেওয়ার জন্য দুই তারকা এক সঙ্গে দাঁড়িয়েছিলেন। পার্ক দে প্রিন্সেসের গ্যালারি থেকে ভেসে আসা দুয়োতে মনে হচ্ছিল প্রতিপক্ষের মাঠে খেলছে পিএসজি।
সে ফ্রিকিক নেইমার বারের ওপর দিয়ে মারায়, আবার ব্যঙ্গাত্মক তালি দিয়েছে গ্যালারি। ২৪ মিনিটে এমবাপ্পে গোল এনে দিয়েছেন দলকে। এতে অবদান ছিল মেসির। এরপর গ্যালারি তাঁর প্রতি একটু সদয় হয়েছে কিন্তু নেইমারকে আগের মতোই দুয়ো দিয়েছে গ্যালারি।
মেসি-নেইমারের দুয়োর ঘটনা ফুটবল বিশ্বেই আলোড়ন তুলেছে। সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ ইনস্টাগ্রামে তাঁদের পাশে দাঁড়িয়েছেন, ‘বরাবরের মতোই ফুটবল দ্রুত ভুলে যায় সবকিছু। তোমাদের সঙ্গেই আছি। দুজনকেই অনেক ভালোবাসি।’
কিন্তু যাদের ভালোবাসা বেশি দরকার, তাঁরা যে আর তেমনটা ভাবেন না। ৫২ মিনিটে গোল করেছেন নেইমারও। কিন্তু গোলের পর উদ্যাপন করেননি কোনো। সমর্থকেরাও গোলের পর তাঁকে দুয়ো দিয়েছেন। বিশ্ব রেকর্ড গড়ে যাঁকে আনা হয়েছে তাঁর কাছ থেকে পিএসজি সমর্থকেরা চ্যাম্পিয়নস লিগে গোল চেয়েছেন, লিগ ‘আ’তে নয়।