মেসি-নেইমারদের ক্লাসিকোতে ৯ জন পুলিশ আহত, ২১ জন গ্রেপ্তার
পিএসজিতে যতই মেসি, নেইমার, এমবাপ্পে, রামোস কিংবা ভেরাত্তিরা থাকুন না কেন, লিগের আকর্ষণের দিক দিয়ে স্প্যানিশ লা লিগার তুলনায় ফরাসি লিগ আঁ এখনো পিছিয়ে আছে। কিন্তু তাতে কী? ফরাসিদের কাছে নিজেদের লিগের গুরুত্ব অপরিসীম, আর সেটা হওয়াই স্বাভাবিক। নিজেদের দ্বৈরথে ফরাসিদের উৎসাহ-উদ্দীপনার কমতি থাকে না কোনো। সেই উৎসাহ কখনো মাত্রাছাড়া হয়ে যায়।
যে মাত্রাছাড়া উদ্দীপনার প্রমাণ কিছুদিন আগেই দেখেছে বিশ্ব। মেসিদের পিএসজি নেমেছিল অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে।
পিএসজি-মার্শেইয়ের লড়াই ফ্রান্সের অন্যতম বড় ম্যাচ, স্পেনে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো। লে ক্লাসিক ম্যাচেও দর্শকদের বিশৃঙ্খলা দেখা গেছে। ঝামেলা হবে ভেবে পিএসজির দর্শকদের আগেই স্টেডিয়ামে ঢোকানো হবে না বলে ঘোষণা দিয়ে রাখা হয়েছিল।
কিন্তু এতেও কাজ হয়নি। কর্নার নেওয়ার সময় নেইমারের দিকে বস্তু ছুড়ে মারা হয়েছে, হুট করে দর্শক ঢুকে মেসির খেলায় ব্যাঘাত ঘটিয়েছেন। সব মিলিয়ে ম্যাচে গোল না হলেও দর্শকের বিশৃঙ্খলার কমতি ছিল না।
ম্যাচে দর্শকেরা বিশৃঙ্খলা করবেন, আর কোনো কড়া প্রতিক্রিয়া হবে না, সেটা হতে পারে না। দর্শকদের বিশৃঙ্খলা থামাতে সেদিন মার্শেইয়ের মাঠ স্তাদে ভেলোদ্রোমে ফরাসি পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। ফরাসি গণমাধ্যমের খবর, মাঠে মেসি-নেইমারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেদিন ৯ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছিলেন মার্শেইয়ের সমর্থকেরা। স্টেডিয়ামের বাইরে থাকা সমর্থকেরাও আরও বেশি বিশৃঙ্খলা করার জন্য মাঠের ভেতরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু গেট বন্ধ থাকার কারণে ঢুকতে পারেননি। শুধু তাই নয়, ২১ জন বিশৃঙ্খলাকারীকে আটকও করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তার মুখে পাথর ছুড়েও মারা হয়েছে। সে পুলিশ কর্মকর্তাকে অন্তত সাত দিন হাসপাতালে থাকতে হবে।
এবারই যে প্রথম মার্শেইভক্তরা এমন করলেন, ব্যাপারটা তেমন নয়। এর আগে অজেঁ ও নিসের বিপক্ষে দুই ম্যাচেও বিশৃঙ্খলা করেছিলেন তাঁরা, যে কারণে ফরাসি লিগ কমিটি শাস্তিও দিয়েছে। অজেঁর বিপক্ষে ম্যাচের পর লিগ কমিটি সতর্ক করে দিয়েছিল, এমন ঘটনা আবার ঘটালে এক পয়েন্ট কেড়ে নেওয়া হবে মার্শেইয়ের কাছ থেকে। পিএসজির বিপক্ষে যেহেতু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, দেখা যাক ফরাসি লিগ কমিটি আদৌ মার্শেইর কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নেয় কি না!