মেসি-নেইমারদের খেলা আজ দেখবেন কোথায়?
পার্ক দে প্রিন্সেসে পিএসজির হয়ে অভিষেক হবে লিওনেল মেসির, এমন একটা কথা শোনা যাচ্ছিল। কিন্তু মেসির ম্যাচ ফিট হওয়ার অপেক্ষায় বেশ কিছু সময় কেটে গেছে। আর আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততার কারণে পিএসজির নিজেদের মাঠের খেলা হতে হতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এত বড় এক তারকাকে দলে টেনে এনে এত দিন তো আর অপেক্ষায় থাকা যায় না। তাই রেঁসের মাঠে আজ পিএসজির ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে।
ফ্রেঞ্চ সংবাদমাধ্যমের কথা সত্য হলে শুধু ম্যাচ স্কোয়াডেই থাকছেন না মেসি, আজ পিএসজির হয়ে অভিষেকও হয়ে যাবে তাঁর। রেঁসের স্তাদ অগোস্ত-দোলন স্টেডিয়ামই হবে সে ইতিহাসের সাক্ষী। ওদিকে নেইমারও এই মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামবেন আজ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
এ অবস্থায় অনেক বড় প্রশ্ন হয়ে উঠেছে, এ খেলা দেখার উপায় কী? গত মৌসুমে লিগ ‘আঁ’র খেলা বাংলাদেশ থেকে বৈধ উপায়ে দেখার সুযোগ ছিল না। বাংলাদেশে প্রচলিত কোনো চ্যানেলে দেখা যায়নি নেইমার-এমবাপ্পেদের খেলা। টিভিতে লা লিগার খেলার দেখারও সুযোগ ছিল না। কিন্তু ফেসবুকের কল্যাণে বাংলাদেশের মানুষের খেলা দেখায় ঝামেলা হয়নি। এ মৌসুমে স্প্যানিশ ফুটবলের খেলা দেখাচ্ছে গানের জন্য বিখ্যাত চ্যানেল এমটিভি।
কিন্তু লিগ আঁ দেখানোর চিন্তা কেউ মাথায় আনেনি। এর মধ্যেই সবাইকে চমকে দিয়ে মেসি লা লিগা থেকে বিদায় নিয়েছেন। বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছেন। আর তাতেই লিগ আঁ-র খেলা দেখার ব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রথমে জানা গিয়েছিল ফ্রেঞ্চ চ্যানেল টিভি ফাইভ মঁদ এশিয়া দেখাবে লিগ আঁ-র খেলা।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এশিয়াতে পিএসজির আজকের খেলা এই চ্যানেলই দেখাবে। কিন্তু এই অঞ্চলে সপ্তাহে লিগের একটি ম্যাচই দেখাতে পারে চ্যানেলটি এবং গতকাল সে কোটা তারা পূরণ করে ফেলেছে। তাদের টিভি সূচিতেও এই ম্যাচের সময়ের স্লট ফাঁকা দেখা যাচ্ছে না।
এ অঞ্চলে ব্রডকাস্টিং চুক্তিগুলো ভারতনির্ভর হয়। ভারতের একটি চ্যানেলই ফ্রেঞ্চ লিগের খেলা দেখানোর স্বত্ব কিনেছে বলে জানা গেছে। সেটি ভিয়াকম এইটিন মিডিয়া। তাদের চ্যানেল কালারস ও ভিএইচ ওয়ানে খেলা দেখা যাবে বলে জানানো হয়েছে। এ ছাড়া দুটি অ্যাপ ভুট ও জিওটিভিতেও লাইভ স্ট্রিমিংয়ে খেলা দেখা যাবে বলে জানা গেছে। এরই মধ্যে টিভি চ্যানেল ভিএইচ ওয়ান টুইট করে জানিয়েছে, তারা খেলা দেখাবে।
আজ এক টুইট বার্তার চ্যানেলটি ঘোষণা দিয়েছে, ‘যে মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছিলাম, সেটা চলে এল! আজ রেঁসের বিপক্ষে পিএসজির ১২টা ১৫ মিনিটের (বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিট) ম্যাচে মেসির অভিষেক দেখুন শুধুই ভিএইচ ওয়ানে।’
দেখা যাক, তারা এটি বাস্তবে দেখাতে পারে কি না। গতকাল ভিএইচওয়ানের মতোই আরেকটি গাননির্ভর চ্যানেল এমটিভি লা লিগার খেলা সম্প্রচার মাঝপথেই থামিয়ে দিয়েছিল!