মেসি-নেইমারদের চেয়ে এগিয়ে বেল-রোনালদোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ত্রিমূর্তির মধ্যে লড়াইটা এবারও জমবে। ছবি: সংগৃহীত
দুই ত্রিমূর্তির মধ্যে লড়াইটা এবারও জমবে। ছবি: সংগৃহীত

গত ১২ মাস ধরে একের পর এক দুর্দান্ত ফুটবলীয় মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন তাঁরা তিনজন। তাঁদের পায়ে ভর করেই এই বছরে বার্সেলোনা জিতেছে পাঁচটি শিরোপা। লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের গড়া আক্রমণভাগ শুধু বর্তমান সময় ছাপিয়ে ফুটবল ইতিহাসেরই সেরা আক্রমণভাগ কি না, এ নিয়েও চলছে বিতর্ক। একটা প্রশ্নও উঠে যাচ্ছিল, আর কেউ কি আছে এই তিনজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার মতো?
আছে। এবং তারা এই মুহূর্তে ‘এমএসএনে’র চেয়ে একটু এগিয়েও আছে। সেটি রিয়াল মাদ্রিদেরই ‘বিবিসি’ - ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল। এই মুহুর্তে গোলসংখ্যার বিচারে এগিয়ে আছেন রিয়ালের আক্রমণত্রয়ী।
দলীয় সাফল্যের বিচারে এই বছর বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে রিয়াল। এই তো দুদিন আগেই রিভারপ্লেটকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে কাতালান ক্লাবটি। বছরের পঞ্চম শিরোপা। অন্যদিকে রিয়াল যেন একটু অচেনা, অধারাবাহিক। এক ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে দশ গোলে জিতছে, তো অন্য ম্যাচে হেরে যাচ্ছে ভিয়ারিয়ালের কাছে। তবে দলীয় সাফল্যের বিচারে যতই পিছিয়ে থাকুক, দুই ‘ত্রিমূর্তি’র লড়াইয়ে বার্সার ‘এমএসএনে’র চেয়ে গোলসংখ্যায় এই মুহূর্তে এগিয়ে আছে রিয়ালের ‘বিবিসি’-ই।
ডিসেম্বর প্রায় শেষ। মৌসুমের অর্ধেকও শেষ হয়ে আসছে। কে এগিয়ে, কে পিছিয়ে, কে কী করবে, কে কতটুকু যেতে পারবে - এই ধরণের পরিসংখ্যান ও আলোচনা এই সময়েই একটু বেশি হয়। তাতে পরিসংখ্যান দেখাচ্ছে, এই মৌসুমে স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এখন পর্যন্ত বার্সার ‘এমএসএনে’র চেয়ে ৪টি গোল বেশি করেছে রিয়ালের ‘বিবিসি’। রোনালদোরা গোল করেছেন ৪৬টি, আর মেসিরা করেছেন ৪২টি। লিগে সর্বশেষ ম্যাচে রায়োকে ১০-২ গোলে হারানোর প্রভাবটা শুধু লিগের পয়েন্ট তালিকাতেই নয়, অতি গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায়ও প্রভাব ফেলেছে। অবশ্য মেসি-নেইমাররা বলতেই পারেন, ‘এ আর এমন কী! আমরা তো একটা ম্যাচ কম খেলেছি।’
বিবিসির এই ‘জয়ে’ নেতৃত্ব দিচ্ছেন রোনালদো। মৌসুমের শুরু থেকে একটু অচেনা মনে হলেও ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড। গোল করার হারটাই দেখুন - এখনো ম্যাচপ্রতি একটিরও বেশি গোল করে যাচ্ছেন রোনালদো। মৌসুমে তাঁর গোল ২৩টি। বেনজেমাও খুব একটা পিছিয়ে নেই। তিনিও ম্যাচপ্রতি একটি গোল করে যাচ্ছেন (১৫)। একটু পিছিয়ে আছেন বেল। রায়োর বিপক্ষে ৪ গোল করে মৌসুমের তাঁর গোল সংখ্যা দাঁড়াল ৮টি।

বার্সার ত্রিরত্ন নিজেদের পক্ষে আরেকটি তথ্য দাঁড় করাতে পারেন - মেসির চোট। হাঁটুতে চোট পেয়ে যে দুমাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য তাতে কিছুটা লাভ হয়েছে নেইমার ও সুয়ারেজের। দুজনে বাড়তি দায়িত্ব নিয়ে গোলের পর গোল করে গেছেন। মৌসুমে লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সুয়ারেজের গোল হয়ে গেছে ১৮টি, নেইমারের ১৬টি। আর যাঁর এই তালিকায় সবার আগে থাকার কথা ছিল, চোটের কারণে তিনি সবার চেয়ে পিছিয়ে। মেসির মৌসুমে গোল সংখ্যা নেইমারের অর্ধেক।
গত ডিসেম্বরের পর হঠাৎ ছন্দ খুঁজে পাওয়া ‘এমএসএন’ মৌসুমে গোল করেছিল ১২২টি। একটু পিছিয়ে থাকলেও ‘বিবিসি’ও করেছে সেঞ্চুরি, ঠিক ১০০টি। এবারও তেমন প্রতিযোগিতাই হবে মনে হচ্ছে। তথ্যসূত্র: মার্কা।