মেসি-নেইমারে আস্থা 'সুয়ারেজের'

এক বনে কি দুই বাঘ থাকতে পারে? লিওনেল মেসি ও নেইমারকে নিয়ে আশঙ্কাটা জানিয়েছিলেন ইয়োহান ক্রুইফ। মেসি-নেইমারের যুগলবন্দী এখনো কিছু জিততে পারেনি বটে, তবে ক্রুইফের আশঙ্কাটা বলতে গেলে এরই মধ্যে অমূলক বলে প্রমাণিত। নেইমার মেসিকে নিয়ে তাঁর মুগ্ধতা জানিয়েছেন অনেকবার, এই মৌসুমে তো দুজনের জুটিটাও দারুণ জমে উঠেছে। লুইস সুয়ারেজেরও বিশ্বাস, মেসি ও নেইমারের মধ্যে কোনো রেষারেষি নেই।
‘বিশ্বাস’ শব্দটায় একটু খটকা লাগতে পারে। এক দলের খেলোয়াড়, সুয়ারেজ তো মেসি-নেইমারকে কাছ থেকেই দেখেছেন, বিশ্বাসের বদলে ‘ধারণা’ বলাই কি ভালো নয়! মজাটা এখানেই। যে লুইস সুয়ারেজ এটা মনে করছেন, তিনি কিন্তু বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার নন। তাঁর পুরো নাম লুইস সুয়ারেজ মিরামন্তেস। ‘লুইসিতো’ নামে বেশি পরিচিত এই মিডফিল্ডারও খেলতেন বার্সেলোনায়। ৭৯ বছর বয়সী এই সুয়ারেজ কত বড় মাপের খেলোয়াড় ছিলেন, সেটা এক-দুটি তথ্য দিয়েই বোঝা যায়। ১৯৬৪ সালে প্রথম স্প্যানিশ হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন, সে বছর স্পেনের হয়ে জিতেছিলেন ইউরোও।
মেসি-নেইমারের যুগলবন্দীতে বিশ্বাস রেখে এই সুয়ারেজ বলেছেন, ‘শুরুতে মনে হয়েছিল মেসি-নেইমারের মধ্যে সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু এই মৌসুমে ওরা দেখিয়েছে ওদের মধ্যে কোনো রেষারেষি নেই।’ ‘ছোট’ সুয়ারেজও মেসি-নেইমারের সঙ্গে খাপ খাইয়ে নেবেন বলে ধারণা তাঁর, ‘মেসি ও নেইমারের সঙ্গে সুয়ারেজের কোনো সমস্যা হবে না। মেসি গোল করছে, নেইমারকে দিয়েও গোল করাচ্ছে। সুয়ারেজের খেলার যে ধরন, তাতে ওর জন্যও ব্যাপারটা তাই হবে। সুয়ারেজ বুঝতে পারবে, ওর মেসি ও নেইমারকে দরকার।’ গোলডটকম।